স্পেনকে প্রায় আটকে দিয়েছিল সৌদি আরব
বাছাইপর্বে বাদ পড়া সৌদি আরবের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আসন্ন বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার স্পেন। গতকাল শনিবার অনুষ্ঠিত দিনের অপর ওয়ার্ম আপ ম্যাচগুলোতে জার্মানি ৩-০ গোলে হাঙ্গেরিকে, যুক্তরাষ্ট্র ২-১ গোলে তুরস্ককে ও নিউজিল্যান্ড ১-০ গোলে সার্বিয়াকে হারায়। ক্যামেরুন ও স্লোভাকিয়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।ফিফা র্যাংকিঙের দুই নম্বর দল স্পেন। বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভাবা হচ্ছে তাদেরকে। মূল আসরে নামার আগে শক্তির বিচারে নিতান্ত দুর্বল সৌদি আরবের বিপক্ষে নেমেছিল দল। তবে প্রস্তুটিটা ভালো হয়নি তাদের। ৯০ মিনিট পর্যন্ত খেলা ২-২ গোলে সমতা বিরাজ করছিল। ভাগ্য ভালো, ড্রয়ের লজ্জা নিয়ে প্রস্তুতি ম্যাচ শেষ করতে হয়নি স্পেনকে। বদলি খেলোয়াড় ফার্নান্দো লরেন্তো ইনজুরি টাইমে গোল করে স্পেনকে জয় এনে দেন।জার্মানি-হাঙ্গেরি ম্যাচ ঠিক উল্টো। প্রতিপক্ষকে এদিন মাথা তুলে দাঁড়ানোর সুযোগও দেয়নি মাইকেল বালাকহীন জার্মানি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় দলটি। মাত্র পাঁচ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন লুকাস পুডলস্কি। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি জার্মানি। খেলার ৬৯ ও ৭৩ মিনিটে যথাক্রমে মারিও গোমেজ ও কাকাউ গোল করে জার্মানির বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডকে অবশ্য বেশ লড়াই করে জিততে হয়েছে। আর্দা তুরান ২৭ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন তুরস্ককে। কিন্তু খেলার ৫৮ মিনিটে আলটিডোর গোল করে যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরান। ৭৫ মিনিটে ডেম্পসি গোল করে জয় এনে দেন যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে স্ট্রাইকার শেন স্মেলজের একমাত্র গোলে সার্বিয়াকে হারায় নিউজিল্যান্ড।