স্পেনকে ভয় পেলের
দুদলের সর্বশেষ সাক্ষাতে স্পেনকে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল৷ গত জুনে মারাকানায় কনফেডারেশনস কাপের ফাইনালে ৩-০ গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন থিয়াগো সিলভা৷ তবু পেলের দুশ্চিন্তা স্পেনকে নিয়েই৷ ব্রাজিলিয়ান কিংবদিন্তর ভয়, ব্রাজিল না আবার স্পেনের সামনে পড়ে!
এমনিতে দুদল দুই গ্রুপে৷ তবে দুদলের ভাগ্য একসঙ্গে জুড়ে দিতে পারে গ্রুপ পর্বের পারফরম্যান্সই৷ গ্রুপ ‘এ’ তে যদি শীর্ষে থাকে ব্রাজিল, গ্রুপ ‘বি’ তে দুই নম্বরে স্পেন কিংবা গ্রুপে দ্বিতীয় হয় ব্রাজিল, স্পেন প্রথম—তাহলে দ্বিতীয় রাউন্ডেই দেখা হয়ে যাবে বিশ্বকাপের অন্যতম দুই শীর্ষ ফেবারিটের৷ সর্বশেষ লড়াই ছিল একতরফা, তবে স্পেনের মতো দলকে তো প্রতিদিন হারানো সম্ভব নয়৷ পেলের শঙ্কাটা ওখানেই, ‘ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্পেনকে এড়ানো—স্পেনের ফুটবল দেখার জন্য দারুণ৷ খুব সুগঠিত দল ওদের, কোনো দুর্বলতা নেই৷’
সমস্যা হলো, স্পেনকে এড়ানোর ব্যাপারটা শুধুই ব্রাজিলের হাতে নেই৷ এমনও হতে পারে, দুর্দান্ত খেলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল৷ কিন্তু নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে বসে আছে স্পেন! তা ছাড়া স্পেনকে এড়ানো গেলেও দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের জন্য বড় বাধা অপেক্ষা করছে নিশ্চিত ভাবেই৷ স্পেন না হলে প্রতিপক্ষ হতে পারে হল্যান্ড! সেটা ভেবেই কিনা, স্পেনের মুখোমুখি হওয়ার একটা ইতিবাচক দিকও আবার দেখালেন পেলে, ‘স্পেনের মুখোমুখি হওয়ার একটা ইতিবাচক দিক হলো, ওদের খেলা খুব পরিষ্কার৷ ওরা নিজেরা খেলতে চায়, প্রতিপক্ষকেও খেলতে দেয়৷ ব্রাজিলের মতো দলের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ৷’ ওয়েবসাইট৷
বরাবরই এই স্পেন দলের বড় ভক্ত পেলে৷ জিকিউ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের বর্তমান দলটাকে পেলে তুলনা করলেন ক্রুইফের হল্যান্ডের সঙ্গে, ‘স্পেন খুব আধুনিক ফুটবল খেলে৷ বল পায়ে যেমন গতিময়, তেমনি জায়গাও বের করে নেয় সমান দ্রুততায়৷ এই স্পেন দলের কাছাকাছি বলা যায় কেবল সত্তরের সেই ক্লকওয়ার্ক অরেঞ্জদের৷’