স্পেনকেই বেছে নিলেন কস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মভূমি নয়, অনেক দোটানার পর শেষ পর্যন্ত বর্তমান ঠিকানা স্পেনের হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন ডিয়েগো কস্তা। ব্রাজিল ফুটবল ফেডারেশনকে লেখা এক চিঠিতে সে রকম ইচ্ছার কথাই তিনি জানিয়েছেন।
এর আগে গায়ে দুবার ব্রাজিলের জার্সি গায়ে তোলা ২৫ বছর বয়সী স্ট্রাইকার এবার স্পেনের হয়ে খেলার ইচ্ছার কথা জানান। স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কও দলে নিতে আগ্রহ দেখান অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকারকে। কিন্তু গত সপ্তাহেই লুইস ফেলিপে স্কলারির ব্রাজিল দলে ডাক পান। একটা সিদ্ধান্ত তাই খুব দ্রুতই নিতেই হতো কস্তাকে। তবে যেমনটা অনুমান করা গিয়েছিল, নিরাশ করেছেন স্বদেশকে।
তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় স্কলারি ক্ষোভটা আড়াল করেননি, ‘ব্রাজিলিয়ান হয়েও ব্রাজিলের জার্সি পরা ও বিশ্বকাপ খেলার সুযোগ যে প্রত্যাখ্যান করে সে এমনিতেই দলে থাকার যোগ্যতা হারিয়ে ফেলে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে খেলতে পারাটা অনেকের জন্যই স্বপ্ন। সেই সুযোগটা সে পায়ে ঠেলেছে।’
ব্রাজিল ফেডারেশন সভাপতি হোসে মারিয়া মার্টিন বেশি ক্ষুব্ধ। বলেছেন, কস্তা যাতে স্পেনের হয়ে খেলতে না পারেন সে জন্য যা আইনি ব্যবস্থা নেওয়া দরকার সেটা তাঁরা নেবেন। রয়টার্স।