স্পেনে ফিরলেন ভিলানোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসার চিকিৎসার জন্য দুই মাস ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। চিকিৎসা শেষে আজ মঙ্গলবার নিজ দেশ স্পেনে ফিরেছেন বার্সেলোনার কোচ টিটো ভিলানোভা। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় বার্সেলোনা জানিয়েছে, ‘আজ সকালে স্পেনে এসে পৌঁছান ভিলানোভা। বাসায় কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি। ধীরে ধীরে বার্সার সঙ্গে আবারও কাজ শুরু করবেন ভিলানোভা।’২০১১ সালের নভেম্বরে প্রথম অস্ত্রোপচার হয় ভিলানোভার। মুখের লালাগ্রন্থিতে আবার ক্যানসারের কোষ ধরা পড়ায় গত ২০ ডিসেম্বর বার্সেলোনার একটি হাসপাতালে জরুরি অস্ত্রোপচার হয় ৪৪ বছর বয়সী এই কোচের। সফল অস্ত্রোপচার শেষে কিছুদিন স্পেনে কাটালেও পরে উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্ক যান ভিলানোভা।গত বছরের ২৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন পেপ গার্দিওলা। নিজেদের ইতিহাসে সেরা এই কোচের উত্তরসূরি নির্বাচন করতে এতটুকু সময় নেয়নি বার্সা। গার্দিওলার বিদায় ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁর সহকারী টিটো ভিলানোভাকে নতুন কোচ হিসেবে ঘোষণা করে স্প্যানিশ জায়ান্টরা। চার বছরে বার্সেলোনাকে ১৪টি শিরোপা এনে দেন গার্দিওলা। টিটো ভিলানোভা বার্সার দায়িত্ব নেওয়ার সময় স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছিল, তিনি কি পূর্বসূরি গার্দিওলার সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন?ভিলানোভা পেরেছেন। তাঁর অধীনে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে বার্সেলোনা। লা লিগার শিরোপাটাও শুধুই সময়ের অপেক্ষা। ভিলানোভার অনুপস্থিতিতে এখন বার্সার নির্দেশনায় আছেন তাঁর সহকারী জর্ডি রোরা। সূত্র: রয়টার্স।