স্পেনে মরিনহোর মুণ্ডপাত চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘণ্টা বেজে গেছে। এখন শুধু সমঝোতার বিদায়ের আনুষ্ঠানিক ক্ষণটির অপেক্ষা। তাতেও স্পেনে মরিনহোর সমালোচনা থামছে না। শেষের ঘণ্টাধ্বনি বরং কারও কারও মধ্যে আরও ক্ষোভ জাগিয়ে তুলেছে! রিয়ালের সাবেক সভাপতি র্যামন কালদেরনই যেমন ধুয়ে দিলেন মরিনহোকে। রিয়ালে পর্তুগিজ কোচের তিন বছরের কাজের মূল্যায়ন করে কালদেরন এই উপসংহারে পৌঁছেছেন— মরিনহো ব্যর্থ। ব্যর্থতা শিরোপা-খরার কারণেই শুধু নয়, মরিনহোর আচরণও ভালো ছিল না। যা রিয়ালের ঐতিহ্য, সুনামের সঙ্গে ঠিক যায় না। ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত রিয়ালের সভাপতি ছিলেন কালদেরন। তিনি চলে যাওয়ার পরের বছরই ইন্টার মিলান থেকে মরিনহোকে নিয়ে আসেন দ্বিতীয় মেয়াদে সভাপতি হওয়া ফ্লোরেন্তিনো পেরেজ। তিন বছরে মরিনহো রিয়ালকে জিতিয়েছেন মাত্র তিনটি শিরোপা—কোপা ডেল রে, লিগ এবং সুপার কাপ। রিয়ালের সবচেয়ে বড় প্রত্যাশাটাই (চ্যাম্পিয়নস লিগ) পূরণ করতে পারেননি। তার চেয়েও বড় কথা, জন্ম দিয়েছেন একের পর এক বিতর্ক। কালদেরনের কথা, রিয়াল মাদ্রিদের জন্য মরিনহো কখনোই যোগ্য ব্যক্তি ছিলেন না, ‘অবশ্যই সে ব্যর্থ। রিয়াল মাদ্রিদে তিন বা তার বেশি সময় কোচিং করানো কোচদের মধ্যে তার রেকর্ডই সবচেয়ে খারাপ। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, এটাই একমাত্র কারণ নয়। আমি মনে করি, আপনি অনেক কারণেই ক্লাবে অসফল হতে পারেন। তার যে আচরণ, আমি সত্যিই এটা পছন্দ করি না। রিয়াল মাদ্রিদের অনেক খেলোয়াড়ও এমনটা পছন্দ করে না।’রিয়ালের পাট চুকিয়ে মরিনহো আবার পুরোনো ক্লাব চেলসিতেই ফিরে যাচ্ছেন বলে ইঙ্গিত। স্কাই স্পোর্টসকে কালদেরন বলছেন, ‘আমি জানি না ইংল্যান্ডে সে কী করেছে। কিন্তু স্পেনে তার আচরণ রিয়াল মাদ্রিদের ইতিহাসের সঙ্গে মানানসই নয়। আমাদের প্রশংসা আছে যে ‘হেরে গেলে আমরা হাত মেলাই’—আমরা চোখে আঙুল দিয়ে খোঁচা দিই না, যেটি সে টিটো ভিলানোভার সঙ্গে করেছে।’ কালদেরন খোঁচা মেরেছেন রিয়ালের সভাপতি পেরেজকেও, ‘আমি সব সময়ই বলেছি, এর দায়টা তার একার নয়—যারা তাকে রিয়াল মাদ্রিদে নিয়ে এসেছে দায়টা তাদেরও।’ মরিনহোর বিদায়ে খুশি রিয়ালের চিরশত্রু বার্সেলোনা শিবিরও। বার্সার সহসভাপতি কার্লেস ভিলারুবি তো খুবই খুশি, ‘তার চলে যাওয়াটা স্পেনের ফুটবলের জন্য ইতিবাচক।’যাঁর চলে যাওয়ার খবরে স্পেনে স্বস্তির নিঃশ্বাস, সেই মরিনহোকেই সাদরে বরণ করতে উন্মুখ হয়ে আছে ইংল্যান্ড। এখনো কোনো কিছুই নিশ্চিত নয়। আবার সবকিছুই যেন নিশ্চিত—চেলসিতেই ফিরছেন মরিনহো। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, জন অবি মিকেলরা সাবেক গুরুকে আগাম শুভেচ্ছাও জানিয়ে রেখেছেন। মৌসুমের শেষ সপ্তাহজুড়েই চেলসি সমর্থকেরাও বিভিন্ন জায়গায় ‘মরিনহো, মরিনহো’ চিৎকারে গলা ফাটিয়েছে। তবে চেলসিতে ফিরলেও মরিনহোকে এবার মুখোমুখি হতে হবে অন্য রকম এক চ্যালেঞ্জের। ২০০৪ সালে চেলসির দায়িত্ব নিয়েই মরিনহো নিজেকে বীরদর্পে ঘোষণা করেছিলেন ‘স্পেশাল ওয়ান’ বলে। ইংলিশ ফুটবলে চেলসির রাজত্ব প্রতিষ্ঠা করে সেই ঘোষণার মর্যাদাও রেখেছিলেন মরিনহো। কিন্তু এবার তাঁকে যেতে হচ্ছে বিতর্কের ঝাঁপি মাথায় নিয়ে। ওয়েবসাইট।