স্পেনে মুগ্ধ ম্যারাডোনা
স্পেন আর বার্সেলোনা যে দর্শনে বিশ্বাসী, তিনি নিজেও সেই দর্শনের অন্যতম পুরোধা। স্পেনের ইউরো জয়ে ডিয়েগো ম্যারাডোনা তাই খুবই উচ্ছ্বসিত। এই স্পেন দল সর্বকালের সেরার খেতাব পাওয়ার যোগ্য বলে মনে করেন আর্জেন্টাইন কিংবদন্তি। এমন মন্তব্যও করেছেন, এই স্পেনকে কেউ হারাতে পারবে না।দুবাইয়ের ক্লাব আল ওয়াসলের কোচের দায়িত্বে থাকা ম্যারাডোনা তাঁর কলামে লিখেছেন, ‘স্পেন পরিষ্কারভাবে বুঝিয়ে দিল, তারা শুধু বিশ্বসেরা দলই নয়, সর্বকালের সেরা দল হওয়ারও যোগ্য। এই স্প্যানিশ মেশিনকে কেউ হারাতে পারবে না। ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে নিয়ে চেষ্টা করেছিল। কিন্তু স্পেন তার মুখে জাল পরিয়ে দিয়েছে। আন্দ্রেয়া পিরলো চেষ্টা করেছে। স্পেন কখনো কখনো চারজন খেলোয়াড়কে দিয়ে তাকে আটকে দিয়েছে।’সবাই স্প্যানিশ মাঝমাঠ আর আক্রমণ ভাগের প্রশংসা করছেন। কিন্তু ম্যারাডোনা বলছেন, স্পেনের রক্ষণও ছিল দুর্দান্ত। স্প্যানিশ সাম্রাজ্যকে অটুট-অটল রাখার পেছনে বড় কৃতিত্ব এই রক্ষণের, ‘ওরা পুরো টুর্নামেন্টে শুধু ১২টি গোল করেনি, গোল খেয়েছে মাত্র একটি। গোলপোস্টের নিচে ইকার ক্যাসিয়াস; রক্ষণে আলভেরো আরবেলোয়া, জেরার্ড পিকে, আর সার্জিও রামোস বিশ্বসেরা। বাঁয়ে খেলেছে জর্ডি আলবা। ৬০ গজের মতো দৌড়ে এসে ইতালির রক্ষণ ভেদ করে যে দুর্দান্ত গোলটি করল, তাতেই সে বুঝিয়ে দিয়েছে, কেন বার্সেলোনা তার পেছনে এক কোটি ৪০ হাজার ইউরো গুনল।’এমন অবশ্য নয় যে, ম্যারাডোনা মাঝমাঠের প্রশংসা করছেন না। নিজে মাঝমাঠের কারিগর ছিলেন। স্প্যানিশ মিডফিল্ডারদের প্রশংসায় পঞ্চমুখ ম্যারাডোনা, ‘জাভি, সার্জিও বুসকেটস, জাবি আলোনসো, আন্দ্রেস ইনিয়েস্তা আর ডেভিড সিলভা; এরা প্রত্যেকে অসাধারণ এক স্প্যানিশ প্রজন্মের সদস্য। প্রত্যেকে মাঠে খেলোয়াড় হিসেবে দুর্দান্ত। আপনি একজনকে আটকাতে পারেন, কিন্তু বাকি পাঁচজন তো ঠিকই আছে। তারা চাপ তৈরি করে, গোলের সুযোগ তৈরি করে। এমনকি গোলও দেয়।’ক্লাসিক ‘নয় নম্বর’ না খেলিয়ে স্পেন একটা বিপ্লব করেছে বলেও মন্তব্য ম্যারাডোনার, ‘আমরা ফুটবল খেলাটাকে যেমন জানি, তাতে স্পেন বিপ্লব ঘটিয়েছে। কোনো স্ট্রাইকার খেলায়নি। ফ্যাব্রিগাসের মতো প্রতিভাবান খেলোয়াড়কে ব্যবহার করা হয়েছে, যে ওপরের ফাঁকা জায়গা ব্যবহার করে মাঝমাঠ থেকে উঠে এসেছে বারবার। ম্যাচের শেষ দিকে অবশ্য তোরেস এক গোল করে ও আরেকটি করিয়ে দেখিয়ে দিয়েছে, সেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।’ম্যারাডোনা অবশ্য খেলোয়াড় হিসেবে পিরলো, রোনালদো আর ইব্রাহিমোভিচেরও ভূয়সী প্রশংসা করেছেন। ওয়েবসাইট।