স্পেনের অপেক্ষায় সবুজ দেয়াল
কয়েক দিন ধরেই ‘দেজাভ্যু’ দেখছেন ভিসেন্তে দেল বস্ক। দুই বছর আগের দিনগুলোই যেন ফিরে এসেছে স্পেন কোচের জীবনে। ২০১০ বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হারার পর স্পেনের কৌশল, ফুটবল-দর্শন—এসব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবার ইউরোতে প্রথম ম্যাচে ইতালির সঙ্গে ড্র করার পরও একই অবস্থা। দেল বস্কের কৌশল নিয়ে সমালোচনা চারদিকে। কোনো স্ট্রাইকার ছাড়া একাদশ সাজানোয় বিশ্বকাপজয়ী কোচকে ধুয়ে দিচ্ছেন অনেকেই। আজ মাঠে ‘দেজাভ্যু’ দেখতে পারে দেল বস্কের শিষ্যরা, যার নাম ‘চেলসি দেজাভ্যু!’প্রথম ম্যাচের স্পেন একাদশের পাঁচজনই ছিলেন বার্সেলোনার। সংখ্যাটা আজও এমন থাকার সম্ভাবনা বেশি। জাভি-ইনিয়েস্তা-ফ্যাব্রিগাসরা আজ আবার পেতে পারেন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল অভিজ্ঞতার। চেলসির নীল আজ মিশে যাবে আয়ারল্যান্ডের সবুজে। বার্সা-স্পেন একই দর্শনে বিশ্বাসী। স্পেনকে থামাতে তাই চেলসির পথটাই বেছে নেবে আইরিশরা। গোলকিপার শে গিভেনের সামনে আজ থাকবে সবুজ ব্যারিকেড, আর আচমকা পাল্টা-আক্রমণে মারণশেল হানার আশা। এই দর্শন সম্প্রতি দারুণ সফলও হয়েছে। এই ইউরোতেও তো ডেনমার্ক এভাবে হারিয়ে দিল হল্যান্ডকে, ইংল্যান্ডও অনেকটা এই পথে হেঁটে ড্র করল ফ্রান্সের সঙ্গে। আর চেলসির উদাহরণ তো থাকছেই। বার্সা তখন মুখ থুবড়ে পড়েছে নীলদুর্গে, আজ স্পেন কি পারবে সবুজ দুর্গ জয় করতে?একটা ভালো দিক, ভক্ত-সমর্থক আর সমালোচকদের মতো এতটা অধৈর্য হয়ে ওঠেনি স্পেন শিবির। উইঙ্গার জেসাস নাভাস যেমন মনে করিয়ে দিয়েছেন ২০১০ বিশ্বকাপকে, ‘সংবাদমাধ্যম আর সমর্থকদের মনে হয় আমাদের মতো ধৈর্য নেই। প্রথম ম্যাচটা সব সময়ই কঠিন, আমরা খেলেছিও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে। ২০১০ বিশ্বকাপেও আমরা প্রথম ম্যাচ জিতিনি, কিন্তু পরে শিরোপা জিতেছি। এখনো তো পথের অনেক বাকি!’ কৌশল নিয়ে সমালোচনায় বিচলিত নন দেল বস্ক। তবে উন্নতির প্রয়োজনটা মানছেন অভিজ্ঞ এই কোচ, ‘সিলভা ও ইনিয়েস্তা ফরোয়ার্ডের মতোই খেলে, সেসও। জাভি ও জাবিও (আলোনসো) দূর থেকে গোলে শট নিতে পারে। কৌশল তাই খারাপ ছিল না। তবে ইতালির বিপক্ষে যা হয়েছে, সব নিয়ে আমি খুশি নই। বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে।’আজ অবশ্য ফার্নান্দো তোরেসকে একাদশে দেখা যাবে বলে গুঞ্জন আছে। বিশ্বকাপের অভিজ্ঞতা বলে, সময়ের সঙ্গে সঙ্গে আরও ধারালো হওয়ার কথা স্পেনের। সে ক্ষেত্রে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে উড়ে যাওয়া আইরিশরা সবুজ দেয়াল গড়েও কতটুকু বাধা হতে পারবে, সংশয় আছে। তবে রবি কিন শুধু একটা কথাই বলছেন—বিশ্বাস। আইরিশ অধিনায়ক সতীর্থদের বলছেন নিজেদের ওপর বিশ্বাস রাখতে আর দলের ওপর বিশ্বাস রাখতে বলছেন সমর্থকদের। এলএ গ্যালাক্সি ফরোয়ার্ড স্বপ্ন দেখছেন অঘটনের, ‘এর মধ্যেই কয়েকটি অঘটন দেখেছি আমরা ইউরোতে। বৃহস্পতিবার তাহলে কেন জয়ের বিশ্বাস নিয়ে আমরা মাঠে নামব না! জানি বিশ্বের সেরা এক দলের বিপক্ষে কাজটা কঠিন, তবে আমরা প্রমাণ করতে চাই যে শুধু সংখ্যা বাড়াতে এখানে আসিনি।’কণ্ঠের এই দৃঢ়প্রতিজ্ঞা কি মাঠেও দেখাতে পারবে আয়ারল্যান্ড, নাকি আজ স্পেন ফিরবে পরিচিত চেহারায়? এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।