স্পেনের আগাম বার্তা
ফার্নান্দো তোরেসের ইনজুরি। প্রস্তুতি ম্যাচে ভুগতে হয়েছে সৌদি আরব, দক্ষিণ কোরিয়ার বিপক্ষেই। অনুশীলনও শুরু করেছে সবার শেষে। বিশ্বকাপের হট ফেবারিট তারা, কিন্তু স্পেন শিবিরকে ঘিরে ছিল যেন টুকরো টুকরো কালো মেঘ। সব দূর হয়ে গেল কালকের এক প্রস্তুতি ম্যাচে। বিশ্বকাপের প্রথম ম্যাচেও যাঁকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল, সেই তোরেস খেললেন এবং গোলও পেলেন। ছন্দময় ফুটবল খেলে গত দুটি বিশ্বকাপ খেলা পোল্যান্ডকে উড়িয়ে দিল স্পেন (৬-০)।একটু দুশ্চিন্তা অবশ্য থাকল আন্দ্রেস ইনিয়েস্তাকে নিয়ে। ৩৯ মিনিটে ঊরুতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন এই মিডফিল্ডার। প্রথম ম্যাচটি নাও খেলা হতে পারে তাঁর।ইনজুরিতে নানিকে হারানোর শোক নিয়ে খেলতে নামা পর্তুগাল পরশু ৩-০ গোলে হারিয়েছে মোজাম্বিককে। দুটি গোল করেছেন হুগো আলমেইদা, একটি ড্যানি। দিদিয়ের দ্রগবা আইভরিকোস্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটাও বোঝা গেছে পরশু, সুইজারল্যান্ডের দ্বিতীয় বিভাগের দলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এলিফ্যান্টসরা।স্পেনের মুর্সিয়ায় ৭১ শতাংশ বল দখলে রেখেছিল স্প্যানিশরা। ইউরো চ্যাম্পিয়নদের খেলা ছিল ‘দশে মিলি করি কাজ’-এর উদাহরণ, ছয় গোল করেছে ছয়জন। বরাবরের মতোই গোলের সূচনা করেছেন ডেভিড ভিয়া, ১২ মিনিটে। দুই মিনিট পর করেন ডেভিড সিলভা। ৫১ দলের তৃতীয় গোল করেন জাভি আলোনসো, ৫৭ মিনিটে এই মিডফিল্ডারের বদলি হিসেবে নেমেই গোল পেয়েছেন সদ্য ইনজুরি কাটানো সেস ফ্যাব্রিগাস। তোরেসের গোলটি ৭৫ মিনিটে, ভিয়ার বদলে মাঠে নেমেছিলেন তিনি ৬৬ মিনিটে। শেষ গোলটি পেদ্রোর।চারদিকে যেভাবে ‘স্পেন ফেবারিট’ রব উঠেছে, প্রত্যাশার চাপের কথা ভেবে এমনিতেই শঙ্কিত স্পেনের ফুটবলাররা। এমন জয়ের পর এটা আরও বাড়বে ভেবেই হয়তো তোরেসের কণ্ঠে একই সঙ্গে ছিল স্বস্তি ও সতর্কতা, ‘দুই মাস পর মাঠে নামলাম, গোল পেয়ে খুশি লাগছেই। তবে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। সৌদি আরব আর কোরিয়া ম্যাচের কথা ভুলে গেলে চলবে না। অবশ্য আজকের মতো খেললে আমাদের হারানো কঠিন।’সতর্ক স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কও, ‘সমর্থকদের আবেগ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু মনে রাখতে হবে, কঠিন সময়ের মাত্র শুরু। বিশ্বের সেরা সব দল ও খেলোয়াড়দের বিপক্ষে আমাদের মাঠে নামতে হবে।’ ওয়েবসাইট।