স্পেনের ইউরোর দল
ভিসেন্তে দেল বস্ক বিশ্বকাপ জিতেছিলেন বার্সেলোনার আট খেলোয়াড়কে নিয়ে। সংখ্যাটা সাতে নেমে এল ডেভিড ভিয়া শেষ পর্যন্ত ইউরোর জন্য নিজেকে প্রস্তুত মনে না করায়। বার্সেলোনা অধিনায়ক কার্লোস পুয়োলও ইনজুরির কারণে ছিটকে গেছেন। তবে সংখ্যাটি আর কমতে দেননি এই মৌসুমে বার্সায় ফিরে আসা সেস ফ্যাব্রিগাস। বার্সেলোনার সাত আর রিয়াল মাদ্রিদের পাঁচ খেলোয়াড়কে নিয়ে ইউরো ২০১২-র ২৩ জনের দল ঘোষণা করেছেন দেল বস্ক।ইউরো-বিশ্বকাপ-ইউরো—প্রথম দল হিসেবে অনন্য এই ত্রয়ী শিরোপার মিশনে নামা স্পেন দলে অবশ্য খুব বেশি চমক নেই রবার্তো সলদাদোর বাদ পড়া ছাড়া। গত মার্চেও প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করে কোচের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার। কিন্তু তাঁর চেয়ে সেভিয়ার আলভেরো নেগ্রেদোকেই বেশি কার্যকর মনে হয়েছে দেল বস্কের। মৌসুমের শেষ প্রান্তে এসে নিজেকে খুঁজে পাওয়া পেদ্রোর ওপর আস্থা রেখেছেন কোচ। ভিয়া আর পুয়োল ছাড়া ২০০৮ ইউরোর আর দুজন খেলোয়াড় নেই এই দলে। কার্লোস মার্সেনা আর হুয়ান ক্যাপডেভিয়া। স্পেনের মাঝমাঠ থাকবে বার্সার দখলে, রক্ষণভাগে রিয়াল। রিয়াল-বার্সার এই যূথবদ্ধতা বল পৌঁছে দেবে আক্রমণভাগে, যেখানে নির্দিষ্ট কোনো ক্লাবের ‘দাপট’ নেই। চ্যাম্পিয়নস লিগ জেতা চেলসির দুজন খেলোয়াড় অবশ্য আছেন। হুয়ান মাতা আর ফার্নান্দো তোরেস। এএফপি, রয়টার্স।