একে একে নিভিছে দেউটি। এখন নিভে যেতে বাকি রইল এক। এক দলকে কাপের দাবি ছেড়ে দিতে হবে। তবে অন্যদের মতো একেবারে খালি হাতে নয়, রানার্সআপের কাপটা পেয়ে বিশ্বকাপ জেতার সান্ত্বনাস্বরূপ আংশিক সাফল্য ও ভারাক্রান্ত মন নিয়ে তারা দেশে ফিরবে। তাতে ফাইনাল খেলার আনন্দ যেমন থাকবে, তেমনি তীরে এসে তরী ডোবার নিরানন্দও ভর করে থাকবে নির্ঘাত।অবশেষে ফাইনাল খেলতে যাচ্ছে স্পেন ও হল্যান্ড। হট ফেবারিট দলগুলোর নাম-সুনামের জিপিএ-৫-এর হুড়পাড়ে এই দুটি দল সমর্থকদের অনেকের কাছেই ছিল কোনো রকমে পাশের লিস্টিতে; কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছলেই যেন খুশি, যদিও এবারের বিশ্বকাপের প্রস্তুতির নিরিখে স্পেন আর হল্যান্ড বোদ্ধাদের কাছে অন্যতম ফেবারিটই ছিল। যা-ই হোক, ‘সব ভালো, যার শেষ ভালো’ কথাটায় বিশ্বাস করিয়ে ভক্তদের আনন্দে ভাসাল স্পেন আর হল্যান্ড। তবে সবচেয়ে আনন্দিত স্পেন দল এবং তার ভক্তরা। জার্মানির মতো ডাকসাইটে বাঘকে তারা যে নিতান্তই মেছোবাঘ বানিয়ে ছাড়বে, তা খুব বেশি আশাবাদীরা ছাড়া কারও ভাবনায় ছিল বলে মনে হয় না। অদ্ভুত এক ধরনের খেলা রপ্ত করেছে স্পেন। জার্মানির সঙ্গে খেলতে গিয়ে সেই খেলার চূড়ান্ত রূপটি যেন দেখাল। মনে হয়েছে, জার্মানিকে কী করে ঠেকাবে আর ঠকাবে তা নিয়ে আগেই ভালো করে স্টাডি করে নিয়েছিল। সত্যি বলতে, প্রথম দিকে তো বিরক্তই লাগছিল ছোট ছোট পাস দিয়ে একই জায়গায় ঘোরাফেরা দেখে। কেমন যেন টুকুমুকু করে ঠেকিয়ে যাওয়ার মতন ঢিলঢাল করে খেলা। যেন গোল দেওয়ার চাড় নেই, তাড়াহুড়াও নেই। ইচ্ছেটা যেন ছিল জার্মানিকে খেলতে না দেওয়া। শুধু দৌড়াদৌড়ি করিয়ে প্রতিপক্ষকে পরিশ্রান্ত করে ফেলাই যেন ছিল গেইম-প্ল্যানের প্রধান দিক। বোঝাই যাচ্ছিল, জার্মানিকে ধীরে ধীরে তাতাচ্ছে স্পেন এবং একখানে জড়ো করে রাখছে। এটাকে যদি ফাঁদ বলা হয়, তো, তাতে খুব সহজেই পা দিয়েছিল জার্মানি। যখন তারা সংবিত ফিরে পেল, তখন আর জোরদার গুছিয়ে ওঠা হলো না। তবে মনে হয়েছে, স্পেনের ভাবনায় ছিল এক গোলে জেতাও যা, বেশি গোলে জেতাও তা-ই। জেতাটাই আসল। গোল খাওয়া চলবে না কোনোভাবেই। ধৈর্য ধরে খেলে কোনোভাবে একটা গোল দিলেই হলো। স্পেন অন্য বড় ফেভারিট দলগুলোর হারের কারণগুলো খুব ভালো করে নজর করেছিল বলে আমার বিশ্বাস। বিশেষ করে, যারা জার্মানির কাছে হেরেছে তাদের হেরে যাওয়ার কারণগুলো যেন জেনে রেখেছিল। সবার ভুলগুলো মন দিয়ে দেখে রেখেছিল বলেই মনে হলো। যেমন, দারুণ খেলা দেখানোর দিক একটি। ব্রাজিল ও আর্জেন্টিনা যেমন খেলার যত রকমের কারুকাজ জানা সব দেখাতে এমন ব্যস্ত ছিল যে প্রতিপক্ষ কী করতে কী করে ফেলবে তা যেন ভাবনাতেই আমল দেয়নি। স্পেন সম্পর্কেও একসময় তা-ই মনে হচ্ছিল। মনে হচ্ছিল, এরাও খেলা দেখিয়ে চমৎকৃত করতেই যেন নেমেছে। এই সব দেখে আমার বন্ধু বলতে থাকেন, ‘আরে, ব্যাটারা গোল দে। খেলা দেখাইতাছস! এক্ষুনি একটা গোল খাইলে, বুঝবি! জার্মানি বইলা কথা। একবার দেওয়া শুরু করলে, বুঝবি! আর্জেন্টিনা হইতে টাইম লাগব না—চাইর গোল খাইয়া। জার্মানি কইলাম আস্তে আস্তে জ্বইলা উঠতাছে। ফর্মে আইসা পড়তাছে।’ আমার এই বন্ধু ও আমি এদিন স্পেনের পক্ষে ছিলাম। কারণ আর কিছুই নয়—এরা জীবনে এই প্রথম ফাইনালে যাওয়ার দরজার কাছাকাছি এসেছে। জিতলেই ফাইনালে। আর তাতে হল্যান্ডকে কুপোকাত করতে পারলেই কাপজয়ের আনন্দ।খেলার শেষ দিকে সত্যি সত্যিই জার্মানি গা ঝাড়া দিয়ে উঠেছিল। অনেকগুলো সুযোগও তৈরি করেছিল গোলমুখে। কিন্তু স্পেনের ডিফেন্সকে পরাস্ত করতে পারেনি, টলাতে পারেনি শেষ পর্যন্ত।যা-ই হোক, খেলার কথা থাক; বরং আমার বিড়ম্বনার কথাটুকু বলি। বিড়ম্বনা মানে সেই বাতি-সমস্যা। ঠিক হাফ টাইমের বাঁশি বাজতেই পাড়ার কারেন্ট অফ। যখন অপেক্ষা করতে করতে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার তোড়জোড় করছি, তখন বাতি চোখ মেলে তাকাল। ততক্ষণে খেলা বাহাত্তর মিনিটে গড়িয়েছে এবং তখনো গোলশূন্যভাবে চলছে। আর অবাক কাণ্ড! তারই মিনিট খানেকের মধ্যে কর্নার পেয়ে আচমকা অথচ সুন্দর গোলটি দিয়ে দিল স্পেনের ‘পয়া’ খেলোয়াড় ঝাঁকড়াচুলো পয়োল।তা, এই খেলা চলাকালীন বাতির আসা-যাওয়া নিয়ে বিরক্তি জানাতে নানান কথা তো হয়েই চলেছে। সরকারকেও তুলাধোনা কম করা হচ্ছে না। তবে কিনা এই সমস্যা চিরকালেরই। আমার মনে আছে, বহুদিন আগে ফ্রান্সে অনুষ্ঠিত খেলার সময়ও এই বিপর্যয় প্রকট ছিল এবং আমিও একই রকম বিরক্তিতে শুধু কার্টুন নয়, ছড়া লিখে ধুনুরির কাজটি নিয়মিত করতাম। যেমন একটি ছড়া ছিল—‘বিশ্বকাপেররেফারিটার বাঁশিফাউল দেখেযেই বাজলো পুরুত,তাই না শুনেবাংলাদেশের বাতিভয়ের চোটেঅমনি নিভে—ফুড়ুত।’এটিকে এবারও ঠিক চালিয়ে দেওয়া যায়। একই তো হাল।তা-ই করলাম।