স্পেনের কোচ হতে চান গার্দিওলা
শিরোপা ষষ্ঠক—এই শব্দযুগল বার্সেলোনার সঙ্গে যেমন থাকবে, তেমনি থাকবে পেপ গার্দিওলার নামের সঙ্গেও। গত বছর বার্সেলোনা যে ৬টি শিরোপা জিতল, সে তো তাঁর হাত ধরেই। এমন এক অর্জনের পর গার্দিওলার স্বপ্নটা অনেক বড় হওয়াই উচিত। কত বড় তাঁর কোচিং স্বপ্ন? ‘স্পেনের কোচ হওয়ার স্বপ্ন দেখি আমি’—স্পেন ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার জানিয়ে দিয়েছেন তাঁর স্বপ্নের কথা। স্প্যানিশ শ্রেষ্ঠত্বের মুকুট জিতে গত বছর বার্সেলোনাকে ইউরোপ-সেরাও বানিয়েছেন গার্দিওলা। এক বছরে এনে দিয়েছেন ৬টি শিরোপা। এরপর অনেকেরই চোখ পড়েছে তরুণ এই কোচের ওপর। স্যার অ্যালেক্স ফার্গুসন তাঁর মধ্যে দেখেছেন নিজের উত্তরসূরি হতে পারার যোগ্যতা। কিন্তু গার্দিওলা কিছুই বলেননি। চুপচাপ থেকে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। কিন্তু সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের গোপন স্বপ্নের কথা জানিয়েছেন তিনি। গার্দিওলা আরেকটা ব্যাপার দেখতে চান—২০২২ বিশ্বকাপ আয়োজনের অধিকার যেন কাতারই পায়। কাতার যে ২০২২ বিশ্বকাপের প্রার্থিতা জানিয়েছে, তাতে শুভেচ্ছা-দূত হিসেবে আসবেন বার্সেলোনা কোচ। ২০০৩ থেকে ২০০৫, এই দুই বছর তুরস্কের আল-আহলি ক্লাবে খেলেছেন গার্দিওলা। মধ্যপ্রাচ্যের এই দেশটির আতিথেয়তায় মুগ্ধ তিনি। ওই আতিথ্যের প্রতিদান তিনি দিতে চান কাতারকে বিশ্বকাপের আয়োজক হওয়ার গৌরব এনে দিয়ে। ‘আমি ওদের শুভেচ্ছা-দূত। আমার জন্য ওরা যা করেছে তাতে আমি মুগ্ধ। যতটা সম্ভব আমি তাদের সাহায্য করব।’ ওয়েবসাইট।