স্পেনের গোলপোস্টে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকার ক্যাসিয়াস
ইকার ক্যাসিয়াস

আজ স্পেন-উরুগুয়ে ম্যাচ শুরুর আগেই উত্তর মিলে যাবে সবচেয়ে বড় প্রশ্নটির। কে দাঁড়াচ্ছেন স্পেনের গোলপোস্টে—ইকার ক্যাসিয়াস, না ভিক্টর ভালদেস? পরশু সংবাদ সম্মেলনে এই প্রশ্নটা অবশ্য এড়িয়েই গেলেন ভালদেস। বার্সেলোনার গোলরক্ষক ক্লাব ও জাতীয় দলের হয়ে সব বড় শিরোপাজয়ী বার্সেলোনার সাত খেলোয়াড়ের একজন (বাকি ছয়জন—ইনিয়েস্তা, জাভি, পেদ্রো, ভিয়া, পিকে, বুসকেটস)। কিন্তু জাতীয় দলে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে বেশির ভাগ সময়। লিভারপুলের এক নম্বর গোলরক্ষক পেপে রেইনাও তাই। কারণটার নাম ইকার ক্যাসিয়াস। শুধু স্পেনের এক নম্বর গোলরক্ষকই নন; স্পেনের ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ে নেতৃত্বও দিয়েছেন তিনি। ভালদেস মাঠেই নামারই সুযোগ পেয়েছেন মাত্র ১৩ বার।

মরিনহোর রিয়াল মাদ্রিদে ক্যাসিয়াস এক নম্বর গোলরক্ষকের জায়গা হারানোর কারণেই প্রশ্ন উঠছে তাঁকে নিয়ে। ব্রাজিলে পা রাখার আগে যুক্তরাষ্ট্রে খেলা হাইতি ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে দলের তিন গোলরক্ষককেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। হাইতির বিপক্ষে দুই অর্ধে খেলেছেন ক্যাসিয়াস ও রেইনা। আয়ারল্যান্ডের বিপক্ষে ভালদেস ছিলেন প্রথম একাদশে, ৫৮ মিনিট পর নামেন ক্যাসিয়াস।

ভিক্তর ভালদেস
ভিক্তর ভালদেস

কনফেডারেশনস কাপে কী হবে? ভালদেস উত্তরটা জানেন না, ‘আমাকে যা করতে বলা হবে, তাই করব আমি। সিদ্ধান্তটা নেবেন কোচ ভিসেন্তে দেল বস্ক। আমি এখানে আসতে পেরেই কৃতজ্ঞ। দলে ডাক পাওয়ার পর থেকেই নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হয় আমার। স্পেনের হয়ে খেলা এবং দলটির অংশ হতে পারাটাই গর্বের।’ রয়টার্স, ওয়েবসাইট।