টিকি-টাকার যুগ শেষ৷ জাভি-ইনিয়েস্তা-ভিয়ারাও পেছনে ফেলে এসেছেন সেরা সময়৷ অনেকের মুখেই এই কথা৷ এই ধারণায় তৃপ্তি খুঁজে পাচ্ছেন হয়তো বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে থাকা স্পেনের সঙ্গীরা৷ তবে লুই ফন গালকে তো স্রেফ তৃপ্তির ঢেঁকুর তুলে বসে থাকলেই চলবে না৷ প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হবে স্পেনের৷ ভালো করেই জানেন, ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ী দলটিতে এখনো আছে বিশ্বসেরা হওয়ার রসদ৷ জানেন বলেই স্পেনকে সামলাতে বিশেষ ব্যবস্থা ভেবে রেখেছেন ডাচ কোচ৷ গত শনিবার ঘানার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেটার ‘উদ্বোধনী প্রদর্শনী’ করে ফেলেছেন ফন গাল৷
এমনিতে ৪-৪-২ ছক পছন্দ ফন গালের৷ তবে ঘানার বিপক্ষে ম্যাচে হল্যান্ডকে খেলিয়েছেন ৫-৩-২ ছকে৷ জানালেন, মূলত স্পেনের জন্যই এই ব্যবস্থা, ‘স্পেনের বিপক্ষে ম্যাচটির জন্য আমি দলকে প্রস্তুত করছি৷ আমি সব সময়ই প্রতিপক্ষ দেখে ছক বাছাই করতে পছন্দ করি৷ স্পেনের বিপক্ষে এই ছক ভাবার কারণ, ওদের কাজটা কঠিন করে তুলতে হবে আমাদের৷ এটাই আমি সেদিন প্রস্তুতি ম্যাচে পরখ করে দেখলাম এবং আমার ধারণা, স্পেনের জন্য এই ছকেই খেলা উচিত আমাদের৷’
ফন গালের লক্ষ্যটা এখানে পরিষ্কার, ‘কাজটা কঠিন করে তোলা৷’ মানে ৫ ডিফেন্ডার নিয়ে খেলে স্পেনকে গোল করতে না দেওয়া৷ প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ড্রকেই হয়তো ভালো ফল ভাবছেন ফন গাল৷ তবে শুধু স্পেনই নয়, প্রয়োজনে এই ছক পরেও ধরে রাখতে পারেন বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে যাওয়া কোচ, ‘প্রতিপক্ষ দুই স্ট্রাইকার খেলালে আমি হয়তো এই ফর্মেশনই (৫-৩-২) বেছে নেব৷ আর এক স্ট্রাইকার খেলালে হয়তো ৪-৪-২ খেলাব৷’
ঘানার বিপক্ষে নতুন ছকের পরীক্ষা-নিরীক্ষায় শিষ্যদের পারফরম্যান্সে যে খুশি ফন গাল, সেটাও লুকাননি, ‘দেখুন, ক্লাব মৌসুম শেষ হওয়ার পর গত কয়েক দিনে প্রস্তুতি ম্যাচে বেশির ভাগ বিশ্বকাপ দলই হোঁচট খেয়েছে৷ ক্যামেরুনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জার্মানি, ইতালি ২-২ ডেনমার্ক... বলিভিয়ার বিপক্ষে স্পেন ২-০ গোলে জিতেছে বটে, কিন্তু একটি গোল করেছে পেনাল্টিতে, আরেকটি শেষ মুহূর্তে৷ ঘানার বিপক্ষে আমাদের ১-০ গোলের জয় তাই খারাপ নয়৷’
স্পেন ছাড়াও ‘বি’ গ্রুপে ডাচদের সঙ্গী চিলি ও অস্ট্রেলিয়া৷ এএফপি ও ওয়েবসাইট৷