স্পেনের জয়, হন্ডুরাসে ধরা ইংল্যান্ড

লাতিন আমেরিকায় গিয়ে ইউরোপের কোনো দেশই এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। স্পেনের সর্বজয়ী সোনালি প্রজন্মই এবার সে কাজটি করে ফেলবে বলে আশা করছেন অনেকেই। সেই আশা আরও জোরদার হয়েছে লা রোজাদের প্রস্তুতি ম্যাচগুলো দেখে। বলিভিয়ার পর গতকাল এল সালভাদরের বিপক্ষেও ২-০ গোলের জয় পেয়েছে স্পেন।
চোট কাটিয়ে মাঠে ফিরেছেন ডিয়েগো কস্তা। তবে স্পেনের দুটি গোলই এসেছে ডেভিড ভিয়ার পা থেকে। দ্বিতীয়ার্ধে পেদ্রোর বদলি হিসেবে মাঠে নেমে ৬০ ও ৮৮ মিনিটে গোল দুটি করেছেন স্পেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
ব্রাজিলিয়ান বংশোদ্ভূত কস্তাও দেখিয়েছেন আশানুরূপ পারফরম্যান্স। খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায় দলের জন্য প্রথম গোলের সুযোগ তৈরি করেছিলেন এই তারকা স্ট্রাইকার। তাঁকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্পেন। কিন্তু নিশ্চিত গোলের সুযোগটি কাজে লাগাতে পারেননি সেস ফ্যাব্রিগাস। পেনাল্টি কিকটি চলে গেছে গোলপোস্টের অনেক ওপর দিয়ে। ৮০ মিনিটে
সার্জিও বুসকেটসের একটি দূরপাল্লার শটও ফিরে এসেছে গোলপোস্টে লেগে।
জয়ের ব্যবধান খুব বেশি বড় না হলেও স্পেন যে সত্যিই শিরোপার অন্যতম প্রধান দাবিদার, সেটা বেশ ভালোমতোই প্রমাণ করতে পেরেছেন দেল বস্কের শিষ্যরা।

এদিকে দুর্দশা কাটিয়ে উঠতে পারেনি ইউরোপের আরেক শীর্ষ দল ইংল্যান্ড। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও জয় পায়নি ১৯৬৬ সালের শিরোপাজয়ীরা। হন্ডুরাসের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছেন রুনি-জেরার্ড-ল্যাম্পার্ডরা। গত সপ্তাহে ইকুয়েডরের বিপক্ষেও ২-২ গোলে ড্র করেছিল ইংল্যান্ড।
৬৫ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল হন্ডুরাসের ডিফেন্ডার ব্রায়ান বেকেলেসকে। বাকি ৩৫ মিনিট ১০ জনের বিপক্ষে খেলেও জয়সূচক গোলের দেখা পায়নি ইংল্যান্ড।
ম্যাচ শেষে হতাশা লুকানোর কোনো চেষ্টাও করেননি কোচ হজসন। বলেছেন, ‘দীর্ঘদিনের ক্যারিয়ারে এটাই ছিল আমার অন্যতম প্রধান হতাশাজনক ম্যাচ।’ তবে কাউকে যে ইনজুরির কবলে পড়তে হয়নি, সেটাই এখন সান্ত্বনা বলে ধরে নিচ্ছেন ইংল্যান্ড কোচ, ‘আমি এই ড্র মেনে নিচ্ছি। আর এটাও ভালো ব্যাপার যে আমরা কোনো ইনজুরি ছাড়াই ম্যাচগুলো পার করতে পেরেছি।’
অন্যদিকে ইংল্যান্ডকে রুখে দিতে পেরে দারুণভাবে অনুপ্রাণিত হয়েছে হন্ডুরাস। ম্যাচ শেষে কোচ ফার্নান্দো সুয়ারেজ বলেছেন, ‘ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে এই ফলটা হন্ডুরাসের মানুষদের অনেক আশাবাদী করে তুলবে।’
‘ডি’ গ্রুপের মৃত্যুকূপ পেরোনোর জন্য ইংল্যান্ডকে লড়তে হবে ইতালি, উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে। অন্যদিকে ‘ই’ গ্রুপে হন্ডুরাসের প্রতিপক্ষ ফ্রান্স, ইকুয়েডর ও সুইজারল্যান্ড। রয়টার্স