বিশ্ব ফুটবল এখন শাসন করছে স্পেন। বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নও তারাই। পাশাপাশি ক্লাব ফুটবলে এখন রাজত্ব বার্সেলোনার। ফিফা বর্ষসেরা ফুটবলারের মনোনীত ২৩ জনের প্রাথমিক তালিকায়ও স্পেনের আধিপত্য। সাতজন খেলোয়াড়ই স্পেনের। ক্লাব হিসেবে সর্বাধিক আটজন খেলোয়াড় আছে বার্সেলোনার। স্পেনেরই আরেক ক্লাব রিয়াল মাদ্রিদে আছে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন।কাল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলেও স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভো কয়েক দিন আগেই ফাঁস করে দিয়েছিল এ তালিকা। পত্রিকাটির দেওয়া তালিকার সঙ্গে দু-একটি অমিল বাদে প্রায় হুবহু মিল আছে ফিফার প্রকাশিত তালিকাটির। শেষ পর্যন্ত আসলেই একমাত্র ইংলিশ ফুটবলার হিসেবে এ তালিকায় ঠাঁই করে নিয়েছেন ওয়েইন রুনি।বার্সেলোনারই কেউ ফিফা বর্ষসেরা নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা তৃতীয়বার এ পুরস্কার জিততে পারেন লিওনেল মেসি। গত মৌসুমে ক্লাবের হয়ে ৫৫ ম্যাচে মেসির গোল ছিল ৫৩টি।