বড়দের বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন। ছোটদের বিশ্বকাপেও ছুটছে স্পেনের জয়রথ। পরশু অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। মাত্র ১৮ মিনিটে হ্যাটট্রিক করেছেন আলভেরো ভাজকুয়েজ। ম্যাচের ছয় গোলের সব কটিই হয়েছে প্রথমার্ধে!পরশু এভাবেই শেষ হয়ে গেল যুব বিশ্বকাপের গ্রুপ পর্ব। গ্রুপ পর্বের শেষ দিনে স্পেন ছাড়াও শেষ ষোলোয় উঠেছে ইকুয়েডর, নাইজেরিয়া আর গুয়াতেমালা। হেরেও নকআউটে উঠেছে সৌদি আরব। কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। সৌদি আরব নাইজেরিয়ার কাছে হেরেছে ২-০ গোলে। ক্রোয়েশিয়াকে হারিয়েছে গুয়াতেমালা। আগামীকাল থেকে শুরু হচ্ছে নকআউট পর্ব। প্রথম দিনের চারটি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-মিসর, পর্তুগাল-গুয়াতেমালা, ক্যামেরুন-মেক্সিকো আর স্বাগতিক কলম্বিয়া মুখোমুখি হবে কোস্টারিকার। নকআউট পর্বের শেষ চার ম্যাচে পরশু মুখোমুখি হবে ব্রাজিল-সৌদি আরব, স্পেন-দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড-নাইজেরিয়া ও ফ্রান্স-ইকুয়েডর। ওয়েবসাইট।