স্পেনের জয়রথ থামাল ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের দ্বৈরথ হিসেবে স্পেন-ফ্রান্সের ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল আকাশচুম্বী। সেটি যে অমূলক ছিল না, প্রমাণ হলো মাঠেও। অ্যাটলেটিকো মাদ্রিদের ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতার আগুন পরশু কাউকে জিততে দেয়নি। যোগ করা সময়ের শেষ মিনিটে ফ্রান্সের অলিভিয়ের জিরুর গোলে ম্যাচটা ড্র হয়েছে নাটকীয়ভাবে (১-১)। বিশ্ব ও ইউরোর বাছাইপর্বে স্পেনকে রেকর্ড টানা ২৫তম জয়টি পেতে দিল না ফ্রান্স।ক্রিস্টিয়ানো রোনালদোর ‘১০০তম’ ম্যাচে ড্রয়ের হতাশায় পুড়েছে পর্তুগালও। তবে ১০ জনের দলে পরিণত হয়েও ইতালি ৩-১ গোলে জিতেছে ডেনমার্কের বিপক্ষে। ইংল্যান্ড-পোল্যান্ডের ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। রোমানিয়ার মাঠে গিয়ে হল্যান্ড পেয়েছে ৪-১ গোলের সহজ জয়।স্পেনে ১, ফ্রান্স ১। মাদ্রিদে দুই পরাশক্তির ম্যাচটায় সমতা থাকল আরও একটা দিক দিয়েও। ম্যাচের প্রথমার্ধটা যদি হয় স্পেনের, দ্বিতীয়ার্ধটা নিশ্চিতভাবেই ফ্রান্সের। দুই দল গোলও করেছে এই সমীকরণ মেনেই! স্পেন প্রথমার্ধে, ফ্রান্স দ্বিতীয়ার্ধে। ২৬ মিনিটে স্পেনকে এগিয়ে দেন সার্জিও রামোস। বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা ম্যাচটা শেষ করে দিতে পারত প্রথমার্ধেই। ৪২ মিনিটে স্পেন পেনাল্টি পেলেও সেস ফ্যাব্রিগাসের দুর্বল শট সহজেই রুখে দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস।দ্বিতীয়ার্ধে দেখা দেয় অন্য ফ্রান্স। ম্যাচের আগে করিম বেনজেমা বলেছিলেন, মাঠে স্পেনের বিপক্ষে লড়বে ফ্রান্সের ১১ জন যোদ্ধা। বেনজেমার প্রতিশ্রুত এই ফ্রান্সকেই দেখা গেছে দ্বিতীয়ার্ধে। যদিও হারের কিনারায় দাঁড়িয়ে ফ্রান্সকে সমতায় ফিরিয়েছেন ৮৮ মিনিটে বেনজেমারই বদলি হিসেবে নামা জিরু। ফ্রাঙ্ক রিবেরির ক্রস থেকে আর্সেনাল স্ট্রাইকার গোলটি করেছেন ঠিক শেষ বাঁশি বাজার কেবলই আগে।স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক স্বীকার করেছেন, দ্বিতীয়ার্ধে ফ্রান্সই ভালো খেলেছে, ‘দ্বিতীয়ার্ধে তারা আমাদের প্রচুর চাপে রাখে এবং আমরাও তাদের অনেক বেশি জায়গা দিয়েছি।’ ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বর্ণনা করেছেন গোটা ম্যাচের উত্তেজনাকর চিত্র, ‘হেরে গেলে সেটা হতো অন্যায্য ফল। এমনকি আমরা জিতেও যেতে পারতাম। যদিও ম্যাচ শেষের এক মিনিট আগেও হারের কিনারায় দাঁড়িয়ে ছিলাম আমরা।’ এই ড্রয়ে ‘আই’ গ্রুপের পয়েন্ট তালিকাটাও থাকল অপরিবর্তিতই। তিন ম্যাচে স্পেন-ফ্রান্স দুই দলেরই পয়েন্ট সমান ৭। স্পেন এগিয়ে শুধু গোল-ব্যবধানে।মিলানে মন্তোলিভো ও ডি রোসির গোলে ইতালি এগিয়ে যায় ২-০ গোলে। কিন্তু প্রথমার্ধেই একটি গোল শোধ দেয় ডেনমার্ক। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার পাবলো অসভালদো লাল কার্ড পাওয়ায় ইতালি হয়ে পড়ে ১০ জনের দল। তবে চোট কাটিয়ে ফেরা মারিও বালোতেল্লি ‘চোখ রাঙানোর’ আগেই ডেনিশদের শেষ করে দিয়েছেন (৩-১)। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সিজারে প্রানদেল্লির দল ‘বি’ গ্রুপের শীর্ষে।পোর্তোতে জ্বলে ওঠার জন্য দারুণ এক উপলক্ষ পেয়েছিলেন রোনালদো। শততম ম্যাচ উপলক্ষে ম্যাচের শুরুতেই তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশেষ একটা টুপি ও ক্রেস্ট। কিন্তু রিয়াল মাদ্রিদের ‘গোল মেশিন’ দিনটাকে স্মরণীয় করে রাখতে পারেননি। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েছিল পর্তুগাল, পস্টিগার গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেই তারা হাঁফ ছেড়ে বেঁচেছে। তবে হল্যান্ড রোমানিয়া থেকে ফিরেছে ৪-১ গোলের বড় জয় নিয়ে। জার্মেইন লেনস, ব্রুনো মার্টেনস, ফন ডার ভার্টের সঙ্গে গোল করেছেন আগের ম্যাচটি বাইরে বসে কাটানো রবিন ফন পার্সিও। এএফপি, রয়টার্স।