ছন্দময় ফুটবলের জাদুর সঙ্গে বল পায়ে হলো কারিকুরি। বল দখলের লড়াইয়ে এগিয়ে যোজন-যোজন। ইনিয়েস্তা-জাভিদের পা থেকে বল কেড়ে নিতে না পেরে যথারীতি মাথা কুটে মরেছে প্রতিপক্ষ। গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টও মিলেছে। কনফেডারেশনস কাপ অভিযানের প্রথম ম্যাচে স্পেনের জয়ের পাশে তার পরও একটি পুরোনো প্রশ্ন থাকছে। গোল এত কম কেন?লাতিন চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে জয়, গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তিন পয়েন্ট এবং প্রথম ম্যাচ জিতেই কার্যত সেমিতে এক পা দিয়ে ফেলা—সবকিছুই স্বস্তির। কিন্তু স্কোরলাইন যে ম্যাচের আসল চিত্রটা বোঝাচ্ছে না! বল দখলের লড়াইয়ের যে ব্যবধান, স্কোরলাইনে তা কোথায়? ম্যাচের ৭১ শতাংশ সময় বল ছিল স্প্যানিশদের পায়ে। প্রথমার্ধে এটা ছিল ৭৮ আর প্রথম ২০ মিনিটে ৯২ শতাংশ! প্রথমার্ধে পাত্তাই পায়নি উরুগুয়ে, স্পেন এগিয়ে ছিল ২-০-তে। গোটা ম্যাচে ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়নরা পেয়েছে অসংখ্য সুযোগ। কিন্তু গোল ওই দুটিই, যার একটিতে আবার আছে ভাগ্যের ছোঁয়া। শেষ দিকে একটি গোল ফিরিয়ে দিল উরুগুয়ে, কে জানে, আরেকটু সময় পেলে হয়তো পয়েন্টেও ভাগ বসাত!আরও গোল না পাওয়ায় অস্বস্তি আছে ভিসেন্তে দেল বস্কের। তবে স্পেন কোচের কাছে আপাতত ৩ পয়েন্টের স্বস্তিটাই বড়, ‘প্রথমার্ধে আমরা ছিলাম দুর্দান্ত, দ্বিতীয়ার্ধেও বেশ ভালো খেলেছি। আমাদের আরও বেশি গোল করা উচিত ছিল। কিন্তু শেষের দিকে একটু ভুগতে হয়েছে, আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই তাপমাত্রায় খেললে অবশ্য এমনটা হতেই পারে। হয়তো ২-০ গোলে এগিয়ে থাকায় ছেলেদের খানিকটা আত্মতুষ্টিও পেয়ে বসেছিল। তবে তিনটি মহাগুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পেয়েছি, সেমির পথে যা আমাদের অনেকটাই এগিয়ে রাখবে।’গোলের জন্য হা-হুতাশ থাকলেও দেল বস্ক বেঞ্চেই বসিয়ে রেখেছিলেন ফার্নান্দো তোরেস ও ডেভিড ভিয়াকে। যে দুই ফরোয়ার্ডকে খেলিয়েছেন, সেই পেদ্রো ও সলদাদোই গোল করেছেন। বিশ্বকাপের জন্য নির্মিত ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর রেসিফির অ্যারেনা পারনামবুকো স্টেডিয়ামে এটিই ছিল প্রথম ম্যাচ। গ্যালারি ভরা দর্শকের বেশির ভাগই সমর্থন দিয়েছে লাতিন প্রতিবেশীদের। তবে চেনা ঢঙে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন। ১০ মিনিটে সেস ফ্যাব্রিগাসের শট পোস্টের ভেতরের দিকে লেগে ফিরে আসে। স্পেন এগিয়ে যায় ২০ মিনিটে, পেদ্রোর শট উরুগুয়ে অধিনায়ক ডিয়েগো লুগানোর পায়ে লেগে দিক বদলে ঢোকে জালে। বাঁ দিকে ডাইভ দিয়ে উরুগুয়ে গোলরক্ষক মুসলেরা দেখলেন, বল জালে জড়াচ্ছে তাঁর ডান দিক দিয়ে! ৩২ মিনিটে তিন ডিফেন্ডারকে ধোঁকা দিয়ে ফ্যাব্রিগাসের বাড়ানো পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করলেন রবার্তো সলদাদো।৬৯ মিনিটে অভিজ্ঞ ডিয়েগো ফোরলান নামার পর উরুগুয়ের খেলায় খানিকটা প্রাণ ফেরে, তখন আবার ক্লান্তিও পেয়ে বসে স্প্যানিশদের। ৮৭ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোলে লুইস সুয়ারেজ ছুঁয়ে ফেলেন ফোরলানকে। ৩৩ গোল নিয়ে দুজন এখন দেশের সর্বোচ্চ গোলদাতা। পরশুর ম্যাচ ছিল ফোরলানের ৯৯তম, সুয়ারেজের ৬৫। ম্যাচ শেষে উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ বলছেন, যোগ্য দল হিসেবেই ৩ পয়েন্ট পেয়েছে স্পেন। সলদাদো মানছেন, গোল আরও বেশি হওয়া উচিত ছিল। স্পেনের গোলপোস্টে দেল বস্ক ভরসা রেখেছিলেন ইকার ক্যাসিয়াসের ওপরই। কারণটা জিজ্ঞেস করতেই যেন আকাশ থেকে পড়লেন স্পেন কোচ, ‘ইকারকে খেলাতে আবার কারণ লাগে নাকি! আছে আরও অনেকেই, কিন্তু ইকার তো অধিনায়ক। দলের জন্য যা সবচেয়ে ভালো, আমি সেটাই করি।’ এএফপি, রয়টার্স।