স্পেনের জয়ে তোরেসের গোল
ইউরো শুরু হওয়ার আগে প্রস্তুতিটা ভালোই হচ্ছে স্পেনের। কাল বার্নে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। তবে এই জয়ের চেয়েও মুখ্য হয়ে দেখা দিয়েছে ফার্নান্দো তোরেসের গোল খরা কাটিয়ে ওঠা। দীর্ঘদিন পর স্পেনের হয়ে গোল পেলেন এই তারকা। ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর গোলেই জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। এরপর যেন হারিয়ে যেতেই বসেছিলেন। বিশ্বকাপজয়ী মিশনেও নিয়মিত প্রথম একাদশে খেলার সুযোগ পাননি। মোটকথা, ফর্ম হারিয়ে ফেলার তীব্র দুঃখবোধ ও হতাশার মধ্য দিয়ে কাটছিল তাঁর সময়টা। কাল কোরিয়ার বিপক্ষে তোরেসের এই গোল তাঁকে ইউরো শুরু হওয়ার আগে এনে দেবে নতুন আত্মবিশ্বাস। স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্কও পেয়ে যাবেন ভরসার স্থল। কারণ ইনজুরির কারণে ডেভিড ভিয়ার শূন্যস্থানটি যে বস্ক তোরেসকে দিয়েই পূরণ করতে চান।কাল স্পেনের পক্ষে গোল করেছেন তোরেস ছাড়াও জাবি আলনসো, সানতি কাজোরলা ও আলভারো নেগরেদো। দক্ষিণ কোরিয়ার পক্ষে সান্ত্বনার গোলটি করেন কিম দো হিউন।ম্যাচে ১১তম মিনিটেই গোল পেয়ে যান তোরেস। বেনেট জেবারিয়ার ক্রস থেকে চমত্কার হেডে দক্ষিণ কোরিয়ার জালে বল ঠেলে দেন তোরেস। তবে প্রথমার্ধের শেষের দিকে কিম দো হিউন গোল করে দক্ষিণ কোরিয়াকে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন।দ্বিতীয়ার্ধের শুরুতে ন্যাচো মনরিয়ালের শট কোরীয় ডিফেন্ডার চো হিয়ো জিনের হাতে লাগলে পেনাল্টি পায় স্পেন। সেই পেনাল্টি থেকে দলকে আবারও ২-১ গোলে এগিয়ে নেন জাবি আলনসো। এর ঠিক চার মিনিট পরই সানতি কাজোরলার চমত্কার ফ্রি কিক দক্ষিণ কোরিয়ার গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়। খেলার ৮৯ মিনিটের সময় রবার্তো সোলদাদোর থ্রু থেকে দক্ষিণ কোরিয়ার জালে চতুর্থবারের মতো বল ফেলেন আলভারো নেগরেদো।গত শনিবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচটির প্রথম একাদশের সাতজনকে বসিয়ে কাল দল সাজিয়েছিলেন কোচ দেল বস্ক। গত বছরের আগস্ট মাসের পর এই প্রথম স্পেন দলের প্রথম একাদশে সুযোগ পান ফার্নান্দো তোরেস। কোচের আস্থার প্রতিদানটি তিনি কাল ভালোমতোই ফিরিয়ে দিতে পারলেন।