স্পেনের ত্রাতা ক্যাসিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্পেন। গতকাল সোমবার রাতে দলের হয়ে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় জেসুস নাভাস। তবে গোলরক্ষক ও অধিনায়ক ইকার ক্যাসিয়াস না থাকলে খেলার ফলটা অন্য রকমও হতে পারত।শক্তির বিচারে তুলনামূলক ‘দুর্বল’ ক্রোয়েশিয়ার জালই এদিন খুঁজে পাচ্ছিলেন না স্প্যানিশ ফুটবলাররা। শেষ পর্যন্ত গোলের দেখা মিলল খেলার ৮৮ মিনিটে এসে! এই গোলটাই এগিয়ে দেয় স্পেনকে। শেষ পর্যন্ত নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনালও।নাভাসের গোলে জিতেছে স্পেন। এর পরও বলতে হবে, এ ম্যাচে স্পেনের ‘ত্রাতা’ ক্যাসিয়াস। তিনি না থাকলে যে এর আগেই গোল খেয়ে বসতে পারত স্পেন! দ্বিতীয়ার্ধের প্রথম ভাগে লুকা মডরিচ বল দিয়েছিলেন অরক্ষিত ইভান রাকিটিচকে। কিন্তু সুনিপুণ দক্ষতায় তাঁকে প্রতিহত করেন ক্যাসিয়াস। না হলে তখনই পিছিয়ে পড়তে পারত স্পেন।ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্যাসিয়াসের প্রশংসায় ভাসালেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক, ‘ওরা দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু ক্যাসিয়াস ছিল বলেই তেমন কিছু ঘটেনি। ও পরিস্থিতি সামলে নিয়েছে। ক্যাসিয়াস সম্পর্কে আমরা কী বলতে পারি? সম্ভবত গত ১০ বছরের সেরা খেলোয়াড়দের অন্যতম ও।’দেল বস্ক বলেন, ‘ক্যাসিয়াস দলের অধিনায়ক এবং আজ রাতের নায়ক। ও সব সময় শান্ত। কঠিন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, ওর জানা আছে। রাকিটিচ দারুণ একটা সুযোগ পেয়েছিল। কিন্তু তা ঠেকিয়ে দেয় ক্যাসিয়াস। আসলে ওর মুখোমুখি হওয়া সহজ নয়।’ক্যাসিয়াসের প্রশংসায় পঞ্চমুখ কোচ দেল বস্ক। অন্যদিকে দলের জন্য কিছু একটা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন ক্যাসিয়াস, ‘আমি ভাগ্যবান যে বলটা ঠেকিয়ে দিতে পেরেছিলাম। খুব ভালো লাগছে।’ রয়টার্স।