স্পেনের পক্ষে খেলে যাবেন পুয়োল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটুর ইনজুরিতে পড়ে ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার আশা শেষ বার্সেলোনা ডিফেন্ডার কার্লোস পুয়োলের। অথচ, এই ইউরোতে খেলতে পারলেই স্পেনের জার্সি গায়ে শততম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার গৌরবে সিক্ত হতেন তিনি। চিকিত্সকেরা জানিয়েছেন অপারেশনের কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পুয়োলকে। আপাতত এই দুর্ভাগ্য মেনে নিতেই হচ্ছে পুয়োলের। তবে তিনি জানিয়েছে, জাতীয় দল থেকে অবসর নেওয়ার কোনো ইচ্ছাই আপাতত তাঁর নেই।‘আমি মাঠে খেলে অবসর নিতে চাই। অপারেশনের টেবিলে নয়।’ পুয়োলের স্পষ্ট মন্তব্য। ব্যাপারটি নিয়ে কানাঘুষা আছেই। অনেকেই বলছেন, ইউরোতে খেলতে না পারা অর্থ ৩৪ বছর বয়সী এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারের এক প্রকার ইতিই। কিন্তু পুয়োল নিজে এই কানাঘুষা উড়িয়ে দিয়ে বলেছেন, যত দিন সম্ভব স্পেনের সেবা করে যেতে চান তিনি।ইউরো চ্যাম্পিয়নশিপের ঠিক আগে দিয়ে এই ইনজুরিকে দুর্ভাগ্য হিসেবেই দেখছেন তিনি। একজন ফুটবলারের জীবনে এ ব্যাপারটি আসতেই পারে মন্তব্য করে পুয়োল বলেছেন, অবসর নেওয়ার মতো কোনো ব্যাপার এখনো ঘটেনি। একজন ফুটবলার হিসেবে তাঁর ফর্ম এখনো খেলা চালিয়ে যাওয়ার মতো। আরও পাঁচ-ছয় বছর অনায়াসেই নিজের ক্যারিয়ারকে টেনে নিয়ে যেতে চান তিনি।পুয়োল আরও বলেন, ‘আমি সব সময়ই নিজের প্রতি যত্ন নিই। স্পেনের জার্সি গায়ে শততম ম্যাচটি আমি অবশ্যই খেলব।’ ২০০০ সালের নভেম্বরে স্পেনের জার্সি গায়ে আন্তর্জাতিক অভিষেক হয় পুয়োলের। তাঁর প্রথম ম্যাচটি ছিল হল্যান্ডের বিপক্ষে। গত বছর ১৫ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে তিনি স্পেনের পক্ষে ৯৯তম ম্যাচে মাঠে নামেন। ওয়েবসাইট।