স্পেনের পোস্টে আবার সেই 'সন্ত'
ইকার ক্যাসিয়াসের ফর্ম নিয়ে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের মনে যদি সংশয় থেকেও থাকে, পরশুই তা মুছে যাওয়ার কথা। এদিন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে স্পেন যে ২-০ গোলে জিতল, তাতে ক্যাসিয়াসের অবদান অনেকটাই। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন তিনি, এর মধ্যে দুটি ছিল রীতিমতো অবিশ্বাস্য।
এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় দল এবং ক্লাব রিয়াল মাদ্রিদের অপ্রতিদ্বন্দ্বী গোলরক্ষক। কিন্তু রিয়ালের সদ্য বিদায়ী কোচ হোসে মরিনহোর সঙ্গে দ্বন্দ্ব আর চোটের কারণে এ বছরের প্রায় পুরোটাই তাঁকে কাটাতে হয়েছে বেঞ্চে। অন্যদের কথা কী বলবেন, ক্যাসিয়াস নিজেই নিজের ওপর আস্থা রাখতে পারছিলেন না! তবে হাইতি ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিতে নিজের আস্থা তো ফিরে পেয়েছেনই, মন জিতে নিয়েছেন কোচ-সতীর্থদেরও।
শনিবার হাইতির সঙ্গে ম্যাচে যতক্ষণ মাঠে ছিলেন, স্পেনের পোস্টকে অক্ষতই রেখেছেন। তবে সমর্থকদের আস্থার বড় প্রতিদান দিয়েছেন পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে। ভিক্টর ভালদেসের পরিবর্তে ক্যাসিয়াস এদিন মাঠে নামেন ৫৮ মিনিটে। ৬৯ মিনিটে রবার্তো সালদাদো স্পেনকে এগিয়ে দেওয়ার পর গোল পরিশোধে মরিয়া চেষ্টা চালায় আয়ারল্যান্ড। কিন্তু আইরিশরা অন্তত দুবার পরিষ্কার বাধা পায় ক্যাসিয়াস-দেয়ালে। জেমস ম্যাকলিনসের গোলার মতো শটটি ক্যাসিয়াস ক্ষিপ্রতার সঙ্গে ডাইভ দিয়ে পাঠিয়ে দেন বারের ওপর দিয়ে। পরে ওই ম্যাকলিনসেরই হেড রুখে দিয়েছেন অবিশ্বাস্য দক্ষতায়। স্প্যানিশ গণমাধ্যম ক্যাসিয়াস-প্রশংসায় পঞ্চমুখ। ক্রীড়া দৈনিক মার্কা লিখেছে, ‘ক্যাসিয়াস ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া দুটি সেভ করে আয়ারল্যান্ডকে থামিয়ে দিয়েছে।’ এএস লিখেছে, ‘“সন্ত” ইকার ক্যাসিয়াসের দুটি অলৌকিক সেভ।’
মাঝখানে ক্যাসিয়াসের রিয়ালের বেঞ্চে বসে থাকার সময়টায় দেল বস্ক সমর্থন জানিয়ে গেছেন তাঁকে। তবে কনফেডারেশনস কাপে ক্যাসিয়াস, ভালদেস ও রেইনার মধ্যে কে খেলবেন, সেই প্রসঙ্গটা কোচ এড়িয়ে গেছেন, ‘সে (ক্যাসিয়াস) ভালো খেলেছে। তবে খেলতে পারে তিনজনের যে কেউ।’ রয়টার্স।