স্পেনের প্রাপ্তি লজ্জার রেকর্ডও!

শিরোপা ধরে রাখার অভিযান শুরু হলো হল্যান্ডের কাছে ৫-১ গোলে হার দিয়ে। গতবারের বিশ্বকাপজয়ী স্পেনের জন্য ব্যাপারটা নিঃসন্দেহে বিব্রতকর। সেই সঙ্গে লজ্জাজনক এক রেকর্ডও সঙ্গী হয়েছে স্প্যানিশদের। বিশ্বকাপের ইতিহাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সবচেয়ে বাজে শুরুর প্রসঙ্গ এলে এখন সবার আগে আসবে স্পেনের নাম!
১৯৩৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল ইতালি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের কারণে এক যুগ পর অনুষ্ঠিত হয় পরবর্তী বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই ১৯৫০ বিশ্বকাপে সবার আকর্ষণের কেন্দ্র ছিল এক যুগ ধরে বিশ্বচ্যাম্পিয়নের তকমা গায়ে লাগিয়ে চলা ইতালি। তবে ইতালীয়দের শিরোপার ধরে রাখার অভিযানটা শুরু হয় বাজেভাবে, সুইডেনের কাছে ৩-২ গোলের হার দিয়ে!
১৯৭৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল আর্জেন্টিনা। পরের বিশ্বকাপে আর্জেন্টাইনদের শুরুটা হয়েছিল বেলজিয়ামের কাছে ১-০ গোলের হার দিয়ে। ১৯৯০ সালে একই ভাগ্য বরণ করতে হয়েছিল ১৯৮৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সেবার নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টাইনরা। ২০০২ সালে সেনেগালের কাছে ১-০ গোলের হার দিয়ে বিশ্বকাপ শুরু হয় আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সের।
কিন্তু গত রাতে হল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করে সবাইকে ছাড়িয়ে গেল স্পেন। কিন্তু সেই ছাড়িয়ে যাওয়াটা গৌরবের নয়, নিশ্চিতভাবেই লজ্জার।