স্পেনের বিদায়

ADIOS SPANA—মারাকানার গ্যালারিতে এক চিলিয়ান দর্শক উঁচিয়ে ধরলেন লেখাটা। মানে—‘বিদায় স্পেন’! প্রথম ম্যাচে হল্যান্ডের কাছে নাকাল হওয়ার পর চারদিকে রব উঠেছিল—‘টিকি-টাকার দিন শেষ!’ আজ মারাকানায় চিলির বিপক্ষে স্পেন উপর্যুপরি নাস্তানাবুদ হওয়ার পর টিকি-টাকার মৃত্যু বুঝি চূড়ান্তই হয়ে গেল! চিলির বিপক্ষে ২-০ গোলে পরাজয়ে ব্রাজিল বিশ্বকাপে বিদায়ঘণ্টাও বেজে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
জাভি, পিকেকে বেঞ্চে বসিয়েও খুব একটা কাজ হলো না ভিসেন্তে দেল বস্কের। নিষ্ফলা আক্রমণ, দুর্বল রক্ষণভাগ, লক্ষ্যহীন পাস—চিলির কাছে নাস্তানাবুদ না হয়ে উপায় কী! ২০ মিনিটে চার্লস আরানগুইজের পাসে ক্যাসিয়াসকে হতবুদ্ধি করে দারুণ এক গোলে চিলিকে এগিয়ে দেন এদুয়ার্দো ভার্গাস। ৪৩ মিনিটে অ্যালেক্সিজ সানচেজের ফ্রি-কিক ক্যাসিয়াস ফিস্ট করে ফেরালেও তা এসে ঠেকে চার্লস আরানগুইজের পায়ে। অমনি বাঁ পায়ে মাপা শট—গোল!
দুই গোলে পিছিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইটা জান দিয়েই করল স্পেন দ্বিতীয়ার্ধে। কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না। হবে কীভাবে! ছয় বছর ধরে সাফল্যের সিঁড়ি তৈরি করা ওই ‘টিকি-টাকা’ কৌশলই যে অকার্যকর। দ্বিতীয়ার্ধে বলের দখল প্রায় পুরোটা সময় নিজেদের পায়ে রেখেও কোনো লাভ হয়নি। তবে এই অর্ধে ডিয়েগো কস্তা ও সার্জিও বুসকেটস দুটি সহজ গোলের সুযোগ নষ্ট না করলে কাহিনিটাকে অন্যভাবেও লেখা যেত। কিন্তু সেটা হয়নি।
দ্বিতীয়ার্ধে স্পেনের আক্রমণগুলো ছিল নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠার মতোই। তাদের কৌশল যে কতটা অকার্যকর, সেটার প্রমাণ মিলবে ম্যাচের কিছু পরিসংখ্যান দিলে। পুরো খেলায় বল স্পেনের দখলে ছিল ৫৬ শতাংশ, চিলির ৪৪ শতাংশ। স্পেন লক্ষ্যে শট নিয়েছে নয়টি। তবে সেগুলো চিলিয়ান গোলরক্ষককে খুব একটা বিব্রত করতে পারেনি। অথচ চিলির চারটি শটের দুটিই জড়িয়েছে জালে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকে বিদায়ের ইতিহাস নতুন নয়। ২০০২-এ ফ্রান্স বিদায় নিয়েছিল, ২০১০-এ ইতালি। তবে কোনো চ্যাম্পিয়ন দলের পরপর দুই ম্যাচে এভাবে নাকাল হওয়ার ঘটনা বিরল। যে স্পেন গত বিশ্বকাপে মাত্র দুটি গোল হজম করেছিল, সেই দলই কিনা এবার দেড় ম্যাচে (চিলির বিপক্ষে দুটি গোলই খেয়েছে প্রথমার্ধে) সাত গোল হজম করল! গতবার দুটি গোল হজম করেছিল গ্রুপ পর্বে। সেটিও আবার সুইজারল্যান্ড ও চিলির বিপক্ষে। চিলিকে অবশ্য ২-১ গোলে হারিয়েছিল লা রোজারা। চার বছর পর কী মধুর প্রতিশোধটাই না নিলেন সানচেজরা! এর আগে বিশ্বকাপে চিলির বিপক্ষে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছিল স্পেন। একটি ২০১০-এ, আরেকটি ১৯৫০ বিশ্বকাপে। ভাগ্যের কী পরিহাস, ১৯৫০ বিশ্বকাপের ম্যাচটিও হয়েছিল এই মারাকানায়! সে ম্যাচে ২-০ ব্যবধানে স্পেন হারিয়েছিল চিলিকে। ৬৪ বছর পর ঠিক উল্টো ফল!
২০০৬ সালের অক্টোবরের পর আজ পর্যন্ত টানা দুই ম্যাচে কখনোই হারেনি স্পেন। এই আট বছর তাদের জয় করা হয়ে গেছে সম্ভব-অসম্ভব সবকিছুই। একই সঙ্গে দুবার ইউরো ও একবার বিশ্বকাপ জয়ের রেকর্ড বিশ্ব ফুটবলেরই বিরল ঘটনা। ক্লাব ফুটবলেও স্প্যানিশ ক্লাবগুলোর শাসন চলেছে প্রবল বিক্রমে। এবারের বিশ্বকাপের হট ফেবারিট হিসেবে কখনোই তাদের নাম বাদ দেওয়া যায়নি। অথচ, তারাই কিনা নাকাল হলো আসল লড়াইয়ে এসে! তারকাখচিত দলটির কারও মধ্যে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ই খুঁজে পাওয়া গেল না—স্পেনের বিদায়ের সঙ্গে টিকি-টাকার বিদায়টাও যে এত করুণ হবে, সেটা কে ভেবেছিল!
এবারও ছিল হট ফেবারিট। কিন্তু ব্রাজিলে এসে স্পেন যেন হারিয়ে গেল। ব্যর্থতার চোরাবালি থেকে উঠতেই পারল না, বরং ধীরে ধীরে তলিয়ে যেত থাকল। গতবারের মতো ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও লক্ষ করা গেল না। এক ম্যাচ বাকি থাকতে তাই চ্যাম্পিয়নদের বিদায়!