একই দিনে দুই ফেবারিটের উল্টো যাত্রা। ছন্দময় ফুটবলের জাদুতে বেলারুশকে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল। আর হন্ডুরাসের কাছে হেরে মুখ থুবড়ে পড়ল স্পেনের ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন। বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা ছিটকে পড়ল প্রথম রাউন্ড থেকেই। টানা দ্বিতীয় জয়ে ব্রাজিলের সঙ্গে শেষ আট নিশ্চিত করেছে জাপান। রায়ান গিগসের রেকর্ড গড়ার দিনে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শেষ আটে এক পা দিয়েছে গ্রেট ব্রিটেন।হন্ডুরাসে প্রায় জাতীয় উৎসবের উপলক্ষ এনে দিয়েছেন জেরি বেংটসন। প্রথম ম্যাচে ২ গোল করেও দলকে জেতাতে পারেননি ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। মরক্কোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল দল। পরশু নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে ৭ মিনিটে দেওয়া তাঁর একমাত্র গোলেই ছুটি হয়ে গেল স্পেনের। প্রথম ম্যাচে জাপানের কাছেও একই ব্যবধানে হেরেছিল স্পেন। রজার এসপিনিওজার ক্রসে মার্কার জর্ডি আলবাকে ছিটকে দারুণ এক হেডে গোলকিপার ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন বেংটসন। ছুটির ঘণ্টা শুনতে পেয়েই বুঝি হন্ডুরানদের ওপর ঝাঁপিয়ে পড়ে স্প্যানিশরা। একের পর আক্রমণে বিপর্যস্ত করে তোলে প্রতিপক্ষকে। কিন্তু গোলমুখটা খুলতে পারেনি। তিনটি শট লেগেছে পোস্টে। ম্যাচের উত্তেজনায় মেজাজ হারিয়েছে দুই দলের ফুটবলাররাই। দুই দল মিলিয়ে হলুদ কার্ড দেখেছেন ১৩ জন! ম্যাচের শেষ মুহূর্তে স্প্যানিশদের পেনাল্টির একটি জোর দাবি বাতিল করে দেন রেফারি। ম্যাচ শেষে এ নিয়ে ক্ষোভ ঝাড়লেন স্প্যানিশ কোচ লুইস মিলা। একটা পেনাল্টির জন্য আক্ষেপ করে বিদায় নিতে হচ্ছে, অলিম্পিকে স্পেনের পারফরম্যান্সের প্রতীকী চিত্র হয়তো এটাই। হতে পারে লড়াইটা মূলত অনূর্ধ্ব-২৩ দলের। কিন্তু সদ্য ইউরো জেতা দলের তিনজনসহ দারুণ সব উঠতি ফুটবলার নিয়ে গড়া দলের তো গ্রুপ পর্ব পার হওয়ার কথা অনায়াসেই!অঘটনের গন্ধ পেয়েছিল ব্রাজিলও। ওল্ড ট্রাফোর্ডে ব্রাজিলকে চমকে দিয়েছিলেন এক ব্রাজিলিয়ান! ৮ মিনিটে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত মিডফিল্ডার বারদিনি ব্রেসানের হেডে এগিয়ে গিয়েছিল বেলারুশ। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ৬৬ হাজার দর্শক এরপর দেখেছে নেইমার-জাদু। সান্তোস ফরোয়ার্ডের দূরপাল্লার মাপা ক্রসে দারুণ এক হেডে দলকে সমতায় ফেরান আলেসান্দ্রে পাতো। দ্বিতীয়ার্ধে ৩০ মিটার দূর থেকে অসাধারণ এক ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন নেইমার নিজেই। নেইমারের বানিয়ে দেওয়া বলেই ব্রাজিলের তৃতীয় গোল করেন চেলসিতে যোগ দেওয়া অস্কার।১৯৬০ সালের পর এই প্রথম অলিম্পিক ফুটবলে খেলছে গ্রেট ব্রিটেন। প্রথম ম্যাচে ড্র করেছিল সেনেগালের সঙ্গে। পরশু আরব আমিরাতকে হারিয়েছে ৩-১ গোলে। এদিন মাঠে নেমেই একটা রেকর্ড গড়েছিলেন গিগস, সবচেয়ে বেশি বয়সে অলিম্পিক ফুটবল খেলার (৩৮ বছর ২৪৩ দিন)। ১৬ মিনিটেই গোল করে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন চিরসবুজ মিডফিল্ডার। ব্রিটেনের বাকি গোল দুটি করেছেন দুই বদলি স্কট সিনক্লেয়ার ও ড্যানিয়েল স্টারিজ।প্রথম ম্যাচে স্পেনকে হারানো জাপান শেষ আটে উঠেছে মরক্কোকে হারিয়ে। ৮৪ মিনিটে ‘ব্লু সামুরাই’দের শেষ আটে তুলে দেওয়া গোলটি করেছেন কেনসুকে নাগাই। অলিম্পিকে দুবার খেলে দুবারই (১৯২৪ ও ১৯২৮) সোনা জয়ের অসাধারণ কীর্তি উরুগুয়ের। এবারও প্রথম ম্যাচে হারিয়েছে আরব আমিরাতকে। কিন্তু পরশু তাদের মাটিতে নামিয়ে এনেছে প্রথমবার খেলতে আসা সেনেগাল। ঘণ্টা খানেক ১০ জন নিয়ে খেলেও সেনেগাল জিতেছে ২-০ গোলে! দুটি গোলই করেছেন মুসা কোনাটে। জিওভানি দস সান্তোসের ২ গোলে মেক্সিকো হারিয়েছে গ্যাবনকে। সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। ১-১ গোলে ড্র হয়েছে নিউজিল্যান্ড-মিসর ম্যাচ। এএফপি, রয়টার্স।