স্পেনের বিপক্ষে চাপ নেই রোনালদোর
ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ হয়ে থাকলেও তারপর বেশ ভালোভাবেই ফর্মে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকারের দুর্দান্ত পারফরমেন্সে ভর করেই সেমিফাইনালে চলে এসেছে পর্তুগাল। এবার শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপজয়ী স্পেন। একে তো ম্যাচটা এ সময়ের সেরা দলটির সঙ্গে, তার ওপর স্প্যানিশ অধিনায়ক ইকার ক্যাসিয়াসসহ স্পেনের অনেক খেলোয়াড়ই রোনালদোর রিয়াল মাদ্রিদ সতীর্থ। সব মিলিয়ে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচে রোনালদোর ওপর বাড়তি কোনো চাপ থাকবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন অনেকে। তবে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না বলেই জানিয়েছেন রোনালদো।উয়েফার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাত্কারে রোনালদো বলেছেন, ‘স্পেনের মুখোমুখি হতে হবে বলে আমি বিশেষ কোনো চাপ অনুভব করছি না। আমি প্রায় ১০ বছর ধরে পেশাদারি ফুটবল খেলছি। হ্যাঁ, আমার একটা দায়িত্ববোধ আছে। কিন্তু কোনো চাপ নেই। আমি এ ধরনের ম্যাচের সঙ্গে অভ্যস্ত।’২০০৪ সালে শেষবার ফাইনাল পর্যন্ত গিয়েছিল পর্তুগাল। এবার আট বছর পর আবার ফাইনালে খেলার সুযোগ এসেছে পর্তুগিজদের সামনে। স্পেনের বিপক্ষে জেতার আশা থাকলেও ম্যাচটা যে খুবই কঠিন হবে তা খোলাখুলিই স্বীকার করেছেন রোনালদো। তিনি বলেছেন, ‘আট বছর পরে আবার ফাইনালে খেলার সুযোগ আসাটা খুবই চমত্কার ব্যাপার। কাজটা খুবই কঠিন হবে, কিন্তু আমরা মাত্র একধাপ দূরে আছি। স্পেন খুবই দুর্দান্ত একটা দল। আমি মনে করি যে আমরা জিততে পারব। তবে লড়াইটা খুবই কঠিন হবে।’— ইএসপিএনআগামীকাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল।