স্পেনের বিশ্বজয়ের আলোকিত রাতে
ফুটবলের চির-আরাধ্য সোনার ট্রফিটা নিয়ে যাওয়া হলো বিজয়ীদের দিকে। জাভি হার্নান্দেজ হাত নেড়ে স্বাগত জানালেন, ‘আসুন, আসুন মহামান্য ট্রফি, আমাদের কোলে আসুন!’তুলে দেওয়া হলো ইকার ক্যাসিয়াসের হাতে। স্পেন-অধিনায়ক প্রথমেই চুমু খেলেন ওটির আলো ঝলমল মাথায়। তারপর তাতে সবার হাতের ছোঁয়া। তারপর তা একগুচ্ছ মিলিত হাতের অরণ্যে বন্দী হয়ে চোখ মেলে তাকাল আকাশের দিকে। যে আকাশ তখন আতশবাজির উজ্জ্বল রং মেখে রঙিন। যে আকাশে তখন ছড়িয়ে পড়েছে হাজার কণ্ঠে স্পেনের বিশ্বজয়ের ঘোষণা, ‘ভিভা এসপানা, ভিভা এসপানা’।ঠিক সেই মুহূর্তে মাঠের মধ্যে কয়েক জোড়া তৃষিত চোখ। চোখগুলো ট্রফিটায় নিবদ্ধ। চোখগুলো যেন তড়িতাহত। গৌরবের খুব কাছাকাছি গিয়ে তা লুণ্ঠিত হওয়ার অবিশ্বাস ছড়িয়ে পড়েছে ওই চোখে। যন্ত্রণা, হতাশা, নিঃস্ব হয়ে পড়ার অনুভব সেখানে মাখামাখি। ওয়েসলি স্নাইডার দুই হাত কোমরে ঠেকিয়ে একবার চোখ মুছে নিলেন না! হ্যাঁ, এ তো কান্নার দাগ। লেজার রশ্মির আলোয় চিকচিক করল তাঁর চোখের কোনায় জমে থাকা অশ্রুবিন্দু। দলের সবার সান্নিধ্য অগ্রাহ্য করে আরিয়েন রোবেন তখন দূরে মাঠের মধ্যে দুই পায়ের ওপর ভর করে বসে রয়েছেন, মার্সেলো বিয়েলসার ভঙ্গিতে, যে ভঙ্গিটা হতাশার ফ্রেম হয়ে গেছে।আরও বাকি ছিল কিছু। ওলন্দাজদের বুকে যন্ত্রণার শেল বেঁধাল স্প্যানিয়ার্ডরা তারিয়ে তারিয়ে। মাইকে বাজল শাকিরার গান ‘ওয়াকা, ওয়াকা’; মঞ্চের ওপরই ট্যাঙ্গো নাচতে লাগলেন জাভি, পিকে, বুসকেটসরা। গোটা পৃথিবীর এসব জানা ছিল। পরাজিতের মৃত স্বপ্ন মাড়িয়ে বিজয়ীরা এভাবেই উল্লাস করে। ডাচ দলও জানত, একটু পা হড়কালেই নত হয়ে কুর্নিশ করতে হবে বিজয়ীকে। স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে রোবেন-স্নাইডার-ফন পার্সিরা অভিনন্দন জানিয়ে হাত মিলিয়েছেন ইনিয়েস্তা-জাভি-ক্যাসিয়াসদের সঙ্গে। জোহানেসবার্গের সকার সিটিতে ১১ জুলাই রাতের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বিজয়ী স্পেন। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শ্রেষ্ঠ দল স্পেন। ফাইনালে ১১৬ মিনিটে ইনিয়েস্তার দুর্দান্ত এক ভলি এই রাতে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে।কিন্তু বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা আর আকর্ষণীয় ফাইনালের উত্তাপ ছড়ানো ম্যাচটি কি ততটা আকর্ষণীয় হয়ে উঠতে পেরেছে? গ্যালারির ৮৪ হাজার ৪৯০টি বুকের মধ্যে ওই লেজার রশ্মির সমান আলো ছড়াতে পেরেছে? উত্তর ‘না’। ফাইনাল প্রায়ই মানুষকে হতাশ করে। সব সময় ১৯৭০ আসে না, সব সময় ১৯৯৮ আসে না, এমনকি ২০০৬-ও নয়। স্পেন-হল্যান্ড দুদলই ইতিহাস গড়ার হাতছানি দেখে খেলল সাবধানী ফুটবল। আর স্বতঃস্ফূর্ততা যখন সতর্কতার খোলসে আটকে যায়, তখন সুন্দর ফুটবল হয় না।স্প্যানিয়ার্ডরা বলের জাদুকর, ওদের সঙ্গে উন্মুক্ত খেলে পারা যাবে না বুঝতে পেরে ডাচরাই খেলল বেশি সাবধানী ফুটবল। রক্ষণাত্মক থেকে কখনো কখনো ধ্বংসাত্মক। মার্ক ফন বোমেল ও নাইজেল ডি ইয়ংরা তো মাঝবৃত্তের নিচে কোনো স্প্যানিশ খেলোয়াড়কে দেখলেই ফাউল করতে লাগলেন। ডি ইয়ং একবার জাভি আলোনসোর বুকে লাথিই মেরে বসলেন লাফিয়ে ওঠা বল থেকে তাঁকে বঞ্চিত করতে গিয়ে। ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব তাঁকে তবু হলুদ কার্ড দিলেন। মোট ১৫ বার কার্ড বের করেছেন। ৯ বার হলুদ সংকেত পেয়েছেন ডাচ খেলোয়াড়েরা, যার মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ১০৯ মিনিটে বহিষ্কৃত হতে হয়েছে জন হেটিঙ্গাকে। হল্যান্ডের গা-জোয়ারি খেলার বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার স্বার্থে স্প্যানিয়ার্ডদেরও হলুদ কার্ড কুড়োতে হয়েছে ৫টি। হল্যান্ড খেলেছে ৪-২-৩-১ ছকে। স্পেনকে রুখতে মাঝমাঠটাকেই তারা শক্তিশালী রাখতে চেয়েছে। সেই তুলনায় স্পেন বরাবরের মতোই আক্রমণাত্মক কৌশলের অনুসারী—৪-৩-৩। কিন্তু শেষ পর্যন্ত এই ছক ভেঙেচুরে গেছে প্রথম শিরোপা জয়ের দুর্বার আকাঙ্ক্ষার কাছে। বল ডাচ সীমানায় গেলে দেখা গেছে পায়ের জঙ্গল, তেমনই বল স্পেনের সীমানায় গেলে সেটিও হয়ে উঠেছে মানুষের অরণ্য। পাঁচ গোল করা স্ট্রাইকার ডেভিড ভিয়া পর্যন্ত রক্ষণের সহায় হতে নেমে এসেছেন নিচে। জাভি-ইনিয়েস্তাদের মতো বলের জাদুকর থাকলে সেই দলের খেলাটা ‘নেই, নেই’ হতাশার মধ্যেও কিছু সৌন্দর্য উপহার দিতে সক্ষম। ওঁদের দুজনের সৃষ্টিশীলতাই ছিল ম্যাচের চুম্বক অংশ। ওরা মাঝমাঠ দখলে রেখেছেন, বাকি একজনকে নিয়ে ত্রিভুজ গড়েছেন, আর ডাচদের বঞ্চিত করেছেন খেলাটা ধরে নিতে। তার পরও স্পেন যে সব সময়ই মাঠের সেরা দল ছিল, তা নয়। তাদের নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব ছিল ম্যাচের প্রথম ১৫ আর অতিরিক্ত ৩০ মিনিটে। ডেভিড ভিয়া ও সার্জিও রামোস লক্ষ্যভেদী হতে পারলে প্রথম ১৫ মিনিটেই স্পেন এগিয়ে যেত। তবে গোল করার প্রথম পরিষ্কার সুযোগ পেয়েছে হল্যান্ড। সার্জিও বুসকেটসের কঠিন পাহারায় নড়তেচড়তে না পারা স্নাইডার দুর্দান্ত এক থ্রু বল দিয়েছিলেন আরিয়েন রোবেনকে। রোবেন ৬২ মিনিটের সোনালি সুযোগ নষ্ট করেছেন, অনেক সময় পেয়েও ক্যাসিয়াসের বাধায় আটকে গেছেন। ওই গোল হলে ইতিহাস বাঁক বদলাতে পারত। ৮৩ মিনিটে আবারও রোবেন আটকে গেছেন শুধু ক্যাসিয়াসের কাছে। অথচ ডাচ দলের সবচেয়ে উজ্জ্বলতম রাতের তারকা পুয়োল ও পিকেকে কী অসামান্য দক্ষতায়ই না কাটিয়ে ঢুকেছিলেন বক্সে। ১০ জনের দল হয়ে পড়াতেই কপাল পুড়েছে হল্যান্ডের। অনুজ্জ্বল ডেভিড ভিয়াকে উঠিয়ে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক সেস ফ্যাব্রিগাসকে নামানোর পর স্পেন আরও ভয়ংকর। ফ্যাবিগ্রাস নিজে একটি গোলবঞ্চিত হয়েছেন ডাচ গোলরক্ষক স্টেকেলনবার্গের কারণে। তবে জয়সূচক গোলটির নির্মাতা তিনিই। তাঁর থ্রু থেকেই ডাচদের হূদয়ভাঙা গোলটি করেছেন ইনিয়েস্তা। পেনাল্টি শ্যুট-আউট তখন মাত্র ৪ মিনিটের দূরত্বে। খেলা শেষে পেদ্রো আর বুসকেটস বললেন, ‘আমরা পেনাল্টির প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। ঠিক এই মুহূর্তে ইনিয়েস্তা আমাদের বাঁচিয়ে দিল।’ হ্যাঁ, স্পেনকে বাঁচিয়েছেন ইনিয়েস্তা। স্পেনও বিশ্বকাপটার মান বাঁচাল! স্পেনই ছিল সেরা দল, ট্রফিটা তাদের হাতেই সবচেয়ে ভালো মানিয়েছে।হল্যান্ড অবশ্যই বাইরে, নইলে ফুটবল-বিশ্বেই এখন কেমন একটা পূর্ণতার আনন্দ বইছে? গভীর রাতে স্টেডিয়াম থেকে বেরোনোর সময় হঠাৎ করে ভেসে আসতে লাগল ‘ভিভা এসপানা’। মাইকে গান বাজতে লাগল, ‘গ্লোরিয়া, গ্লোরিয়া, কোরোনা ডা লা পাত্রিয়া’—পিতৃভূমিকে রাঙাও গৌরবের আলোয়। ফুটবলই স্পেনকে সবচেয়ে গৌরবের আলোয় রাঙাল। স্পেনের জাতীয় সংগীতে সুনির্দিষ্ট কোনো শব্দমালা নেই। এবার সেখানে শব্দ বসবে। আরও সুরেলা হবে স্পেনের জাতীয় সংগীত।