স্পেনের বীর-বরণ
যেন এক সমুদ্র। লাল-হলুদ স্রোতের ওপর ছোট্ট ডিঙি নৌকায় ভেসে চলেছেন ইউরোপ জয় করে আসা বীরেরা। পরশু মাদ্রিদে বরণ করে নেওয়া হলো ক্যাসিয়াস-ইনিয়েস্তাদের। স্মরণকালের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে স্পেন। এই দুঃসময়ে দেশের মানুষের জন্য আনন্দের অবারিত দুয়ার খুলে দিয়েছে তাদের ফুটবল দল। হাজার হাজার স্প্যানিশ সমর্থক ভিড় করেছিল মাদ্রিদের কেন্দ্রস্থলে। বেশির ভাগেরই পরনে ছিল লাল জার্সি, হাতে লাল-হলুদ পতাকা। জনতার এই স্রোতের মধ্যেই ছাদখোলা বাসে করে নিয়ে আসা হয়েছে বিজয়ী বীরদের। এরপর প্লাজা ডি সিবেলেসে হয়েছে উৎসব।এ এমন এক উৎসব, যেখানে কাতালান বনাম মাদ্রিদের ঐতিহাসিক ভিন্নমুখী দুটো স্রোতও মিলেমিশে একাকার। সিবেলেসের বিশাল মঞ্চে খেলোয়াড়েরা নেচেছেন, গেয়েছেন। উচ্ছ্বাসে হেসেছেন, আবেগে কেঁদেছেন। গত রোববার রাত থেকে উৎসবের নগরে রূপ নেওয়া মাদ্রিদে ক্লান্তিহীন উৎসব চলেছে পরশুও। সমবেত জনতার মুহুর্মুহু স্লোগানে কেঁপে উঠেছে রাজপথ। স্পেন দলের সবার পরনে ছিল লাল টি-শার্ট। তাতে লেখা: ইউরোপের চ্যাম্পিয়ন। বিশেষ গান বাঁধা হয়েছে ঐতিহাসিক শিরোপাত্রয়ী জয়ীদের উৎসর্গ করে। ‘নো হায় দস সিন ত্রেস’—তোমরাই পারো ত্রয়ী জিততে। স্পেনের ঐতিহাসিক শিরোপাত্রয়ী জেতার স্মরণে এই গান।এর আগে স্পেনের রাজা হুয়ান কার্লোসোর সঙ্গে দেখা করেছে পুরো দল। রাজাকে উপহার দেওয়া হয়েছে ‘হুয়ান কার্লোস’ লেখা স্পেনের ১ নম্বর জার্সি। জার্সিতে ছিল পুরো স্কোয়াডের স্বাক্ষর। রাজার হাতে তুলে দেওয়া হয়েছে চকচকে ট্রফিটাও। স্পেনের খেলাধুলার অন্যতম পৃষ্ঠপোষক যুবরাজ ফেলিপে এ সময় উপস্থিত ছিলেন। ছিলেন তাঁর স্ত্রী রাজকন্যা লেতিজিয়া। ছিল তাঁদের দুই শিশুকন্যা রাজকন্যা লিওনর আর সোফিয়া। বিজয়ী দলের উদ্দেশে ৭৪ বছর বয়সী রাজা বলেছেন, ‘স্প্যানিয়ার্ডরা তোমাদের নিয়ে গর্বিত। সত্যিই গর্বিত। শুধু এ কারণে নয় যে তোমরা প্রত্যেকে ভালো খেলোয়াড়, বরং পুরো একটা দল হিসেবেও তোমরা দুর্দান্ত।’ কিন্তু এদিন জনতার রাজা ছিলেন ক্যাসিয়াসরাই। সিবেলেসের উৎসবে এই জয় স্প্যানিশ জনতাকে উৎসর্গ করে অধিনায়ক ক্যাসিয়াস বলেছেন, ‘গ্রেট সব খেলোয়াড় আর অসাধারণ সব মানুষকে নিয়ে গড়া এই দলটার নেতৃত্ব দিতে পারা আমার জন্য বিরাট গৌরবের। আপনারা এখানে এসেছেন, আপনাদের অনেক ধন্যবাদ।’ ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা বলেছেন, ‘আমাদের জন্য কঠিন এক সময় যাচ্ছে। এই সময়ের ভেতরেও আপনাদের উৎসব করতে দেখে আমার সত্যি খুব গর্ব হচ্ছে। আপনাদের আনন্দ এনে দেওয়াটাও গর্বের।’মাদ্রিদের কেন্দ্রস্থলে এমন উৎসব স্প্যানিয়ার্ডদের জন্য নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ২০০৮-এ উৎসব করেছিল তারা। ২০১০-এ করেছে। দুই বছরের বিরতিতে উৎসব হলো আবার। সেস ফ্যাব্রিগ্রাস কথা দিয়েছেন, ২০১৪ সালে আবারও এমন উৎসব হবে, ব্রাজিল বিশ্বকাপের পর!কিন্তু এই উৎসবের জন্য একটা সময় দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে স্পেনকে। ২০০৮ সালের ট্রফিটি এসেছিল ৪৪ বছর পর। ৪২ বছর বয়সী সমর্থক জেইমি বারেয়া এদিন নিজের আর আত্মীয়দের ১৪ শিশুকে নিয়ে এসেছিলেন উৎসবে। বলেছেন, ‘আমার শৈশবে আমি এমন উৎসব করতে পারিনি। কারণ ৪০ বছর স্পেন কিছুই জেতেনি। কিন্তু এই শিশুদের কাছে এই অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে।’ এই উৎসবের আলোয় অর্থনৈতিক সংকটের কালো মুহূর্তটা কিছুদিনের জন্য হলেও সবাই ভুলে যাবে বলে মন্তব্য করেছেন জেসিকা পিনো। ২৭ বছর বয়সী এই সমর্থক বলেছেন, ‘পুরো দেশ আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ। কিছু সময়ের জন্য হলেও সবাই তাদের সমস্যা ভুলে যাবে।’ কিয়েভের ফাইনালটি স্পেনের দেড় কোটি মানুষ দেখেছে টিভিতে। মোট টিভি-দর্শকের প্রায় ৮৪ শতাংশই এদিন ছিলেন টিভি সেটের সামনে। সারা বিশ্বে স্পেনের ফাইনাল নিয়ে এক কোটি ৬৫ লাখ টুইটও হয়েছে, যেটি একটি রেকর্ড। এএফপি, রয়টার্স।