সতীর্থদের কেউ কেউ তাঁকে ডাকে ‘লা বারবা রোজা’। মানে লাল দাড়িওয়ালা। গালের লালচে দাড়ির কারণেই এমন নাম। এমনিতে স্প্যানিশ সংবাদমাধ্যমে তিনি ‘এল চিকো আমাবল’, নিপাট ভদ্রলোক। জাবি আলোনসোকে দেখলে সেটিই মনে হয়। কারও সাতে-পাঁচে না থাকা আপাদমস্তক ভালো মানুষ। যিনি ভালোবাসেন প্রচারের আলো থেকে দূরে থাকতে। লিভারপুলে প্রথম মৌসুমে গিয়েই চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন। জিতিয়েছিলেনও বলা যায়। ফাইনালে সমতা ফেরানো গোলটি তো তাঁরই। রিয়াল মাদ্রিদের মাঝমাঠের প্রাণভোমরা। স্পেনের ইউরো আর বিশ্বকাপ সাফল্যেরও অন্যতম কারিগর। কিন্তু আলোনসোকে নিয়ে মাতামাতি নেই। তিনি নিজেই সেটা হতে দেন না। কিন্তু পরশু আর নিজেকে আড়ালে রাখতে পারলেন না। হয়তো নিজেও চেয়েছিলেন রাতটা তাঁর হোক। রাতটা যে ছিল স্পেনের হয়ে তাঁর শততম ম্যাচ খেলার রাত। আলোনসো বিশেষ রাতটা নিজেই স্মরণীয় করে রাখলেন দুই গোল করে। আর তাঁর জোড়া গোলেই ফ্রান্সকে হারিয়ে শেষ চারে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। একটা রেকর্ডও করলেন। এই প্রথম ইউরোর নকআউট পর্বের এক ম্যাচে জোড়া গোল করলেন কোনো স্প্যানিশ খেলোয়াড়।ভিসেন্তে দেল বস্ক এদিনও ‘নয় নম্বর’ ছাড়াই দল সাজিয়েছিলেন। ছয়জন মিডফিল্ডার, স্ট্রাইকার নেই একজনও! আয়ারল্যান্ড ম্যাচে জোড়া গোল করা ফার্নান্দো তোরেস ছিলেন বেঞ্চে। স্পেনও স্ট্রাইকারের অভাব বোধ করছিল ভীষণ। যদিও ১৯ মিনিটেই জোরালো হেডে দলকে প্রথম এগিয়ে দেন আলোনসো। বাকি সময়টা দুই দলই গোলের জন্য হন্যে হয়ে ঘুরেছে। স্পেন বেশি সুযোগ তৈরি করেছে। যদিও আক্রমণে ধার ছিল না একেবারেই। অন্যদিকে ফ্রান্স ছিল আরও নখদন্তহীন। স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে মাত্র একবারই পরীক্ষায় ফেলতে পেরেছে তারা। ফ্রান্সের মাত্র একটা শটই ছিল গোলমুখী। ৬৫ মিনিটে পেদ্রো আর ৬৭ মিনিটে তোরেস মাঠে নামার পর স্পেনের ধার খানিকটা বেড়ে যায়। শেষ মুহূর্তে পেদ্রোই আদায় করেন পেনাল্টি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন আলোনসো।শেষ পর্যন্ত জয়টাই আসল। তাই হয়তো খেলা মন না ভরালেও মুখে তৃপ্তির হাসি দেল বস্কের, ‘শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলাম। ইকারকে মাত্র একটাই সেভ করতে হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমরা এখন পরের ম্যাচের জন্য তৈরি।’ ফ্রান্সের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই তাদের প্রথম জয়, ২০০৬ বিশ্বকাপের পরাজয়ের শোধও তোলা হলো। বেশি রক্ষণাত্মক কৌশলের জন্য লরাঁ ব্লাঁর সমালোচনাও হচ্ছে। ফরাসি কোচ অবশ্য বলছেন, ‘তাদের সামনে বিপদ তৈরি করা খুব কঠিন। ওদের হারানোও খুব কঠিন। মাত্র ৩০-৩৫ শতাংশ বলের দখল পেলে আপনাকে একেবারেই নিখুঁত হতে হবে।’ ব্লাঁ অবশ্য আফসোস করছেন শুরুর দিকে রক্ষণভাগের অমনোযোগিতায় খেয়ে বসা গোলটির কারণে। না হলে পরিস্থিতি হয়তো অন্য রকম হতে পারত। এ নিয়ে বড় টুর্নামেন্টের নকআউট পর্বে টানা আট ম্যাচে গোল না খেয়ে এগিয়ে গেল স্পেন। তবে এভাবে খেললে সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদো আর নানিদের সামনে বড় পরীক্ষাই দিতে হতে পারে দেল বস্কের দলকে। এএফপি, রয়টার্স।