দক্ষিণ আফ্রিকায় আজ দুই পড়শি নামছে যুদ্ধে। স্পেন বনাম পর্তুগাল। বর্তমান ফুটবল-বিশ্বে পর্তুগালের রক্ষণ খুবই ‘কৃপণ’। সামান্য ছাড়টুকু ওরা দেয় না। ব্রাজিল পর্যন্ত সেই রক্ষণ ভাঙতে পারেনি। তোরেস-ভিয়ারা কি পারবে?রিকার্ডো কারভালহো তো এই বিশ্বকাপেরই অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার। দলের জন্যও সে অনুপ্রেরণার প্রতীক। ওদের দলে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়ও, যে কিনা একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। রোনালদো যখন নিজের সেরাটা খেলে, তাকে আটকায় সাধ্য কার!স্পেনের আছে অভিজ্ঞ রক্ষণ। আছে ইনিয়েস্তা, জাভি, আলোনসোদের নিয়ে গড়া এই সময়ের সেরা মাঝমাঠ। স্পেন কেমন খেলবে সেটি অনেকাংশে নির্ভর করছে এই তিনজনের ওপর। তোরেস যদি তার সেই জাদু খুঁজে পায় আর ভিয়া যদি এভাবেই খেলতে থাকে, পর্তুগালের বিপদ আছে। দুই দলের খেলোয়াড় ধরে ধরে তুলনা করলে স্পেন অনেক এগিয়ে। স্পেনের সমস্যা একটাই—প্রত্যাশার চাপ। এ কারণেই দলের আত্মবিশ্বাস আর শক্তি কিছুটা কমে গেছে। চিলির বিপক্ষে ওরা সৌভাগ্যপ্রসূত একটা জয় পেয়েছে বলেই আমার মনে হয়। অবশ্য ভিয়া পাওয়া উপহারটি আদায় করে নিয়েছে তার প্রতিভা দিয়ে। স্পেন শঙ্কাহীন খেলা খেলতে পারলে ম্যাচটা ওরাই জিতবে। আর না পারলে রোনালদো-কারভালহোরা ওদের ডোবাবে। ম্যাচটায় অনেক নাটক হবে। লড়াইটা বিশেষ করে হবে মাঝমাঠেই। প্যারাগুয়ে-জাপান ম্যাচটা হবে কৌতূহলোদ্দীপক। জাপান তো এই টুর্নামেন্টেরই চমক। প্রথম ম্যাচেই ওরা শারীরিকভাবে শক্ত প্রতিপক্ষ ক্যামেরুনকে হারিয়ে দিয়েছে। ডাচদের কাছে ০-১ গোলে হারাটা ওদের জন্য ছিল দুর্ভাগ্যজনক। এরপর ডেনমার্ককে ৩-১ গোলে হারিয়ে দেওয়ার পথে সেই চমকানো দুটো দুর্দান্ত ফ্রি-কিক।আমাকে সবচেয়ে বেশি যে খেলোয়াড়টি মুগ্ধ করেছে তার নাম কেইসুকে হোন্ডা। দুর্দান্ত স্কিল, দলের প্রতি নিবেদিতপ্রাণ। মাৎসুই আর ওকুবুও অসাধারণ খেলছে। রক্ষণে তানাকা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওরা সবাই মিলে একটা দল হয়ে খেলছে। কঠোর পরিশ্রম করছে। ওরা একসঙ্গে মিলে আক্রমণে যাচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে রক্ষণও সামলাচ্ছে। দ্রুতগতির ওয়ান-টাচ ফুটবল খেলছে।এই পর্যায়ে ম্যাচগুলো খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের হয়। জাপানের ফ্রি-কিকের যে ক্ষমতা, সেটি দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষের জন্য হুমকি। গোলের কাছাকাছি থেকে ফ্রি-কিক নিলে সেটার মাশুল হয়তো প্যারাগুয়েকে দিতে হবে গোল খেয়ে। আক্রমণভাগে কিন্তু দুর্দান্ত খেলোয়াড় আছে প্যারাগুয়ের। সান্তা ক্রুজ, করডোবা, ভালদেজ। ওদের মাঝমাঠ সৃষ্টিশীল এবং রক্ষণভাগ খুবই শক্তিশালী। সান্তানা আর আলকারাজও দলে ফিরছে। প্যারাগুয়ে আপসহীন খেলাই খেলে এবং তাদের দৃঢ়তায় ভাঙন ধরানো সহজ নয় মোটেও। তবে আক্রমণভাগে এত ভালো ভালো খেলোয়াড় থাকার পরও কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ওরা কোনো গোল পায়নি। ওদের এই জায়গাতেই বড় দুর্বলতা—হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলে। ধারাবাহিকতা থাকে না। আমার আশঙ্কা, এটার খেসারতই না শেষ পর্যন্ত দিতে হয় ওদের!জাপানের আছে দলগত চেতনা। তারা বিশ্বাস করে, তাদের পক্ষে আরও অনেক দূর যাওয়া সম্ভব। আমার ধারণা, ওরা আজ সেটাই প্রমাণ করে দেবে। ম্যাচটা উত্তেজনাপূর্ণ হবে আশা করছি। শেষ পর্যন্ত হোন্ডার আরও একটা ফ্রি-কিক কিংবা কোনো সেট পিস হয়তো ম্যাচের ভাগ্য গড়ে দেবে।