স্পেনের শেষ দেখছেন ক্যাপেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপের বাকি নেই আর এক বছরও। কিন্তু কারা জিতবে বিশ্বকাপ? টিকি-টাকার স্পেন, সাম্বার ব্রাজিল, গতিময় জার্মানি নাকি অন্য কেউ?
ভবিষ্যতের জন্যই তোলা থাক উত্তরটা। তবে কনফেডারেশনস কাপে ব্রাজিল যেভাবে স্পেনকে নাস্তানাবুদ করল, তাতে ব্রাজিলের পক্ষে বাজি ধরার লোক যেমন বেড়েছে, তেমনি স্পেনের শেষও দেখে ফেলেছেন অনেকে।
অন্য কেউ নয়, খোদ ফ্যাবিও ক্যাপেলো বলছেন লা রোজাদের রাজত্ব করার দিন বুঝি ফুরিয়ে এল। স্পেনের সেই ধার এখন আর নেই বলেই বিশ্বাস ক্যাপেলোর। এই মুহূর্তে রাশিয়ার ইতালিয়ান কোচ ফিফা ডট কমকে বলেছেন, ‘আমি মনে করি কনফেডারেশনস কাপ সেমিফাইনালে ইতালিই পথটা দেখিয়ে দিয়েছে। তারা তিন ডিফেন্ডার নিয়ে খেলেছে, সেটাই কাল হয়েছে সপ্যানিশদের জন্য। কারণ ইতালি মাঝমাঠে জায়গা ছোট করে ফেলেছিল। বল দখলের জন্য লড়াই করেছে ইতালি, লম্বা বল খেলেছে কম।’ শেষ পর্যন্ত টাইব্রেকারে ইতালি হেরে গিয়েছিল স্পেনের কাছে। সেই স্পেন ফাইনালে উঠেও ব্রাজিলের সামনে দাঁড়াতেই পারেনি। সঙ্গী হয়েছে তিন গোলের লজ্জা।
সত্যিই কী স্প্যানিশ সাম্রাজ্য অস্তাচলে? এই প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করাই ভালো। তবে আধুনিক ফুটবল কোন দিকে যাচ্ছে, এটা জানার কৌতূহল কিন্তু বাড়ছে। ক্যাপেলো সেটিরই রূপরেখা এঁকে দিলেন, ‘ইদানীং ফুটবলে অনেক বিপ্লব হয়েছে। সত্তরের দশকে আয়াক্স হাই-অফসাইড লাইন (যতটা সম্ভব ওপরে উঠে প্রতিপক্ষকে অফসাইডের ফাঁদে ফেলা) ও প্রেসিং ফুটবল খেলত। এরপর আশি ও নব্বই দশকে মিলানের পর এখন বার্সেলোনা। যারা দেখিয়েছে কীভাবে বল নিজেদের কাছে রাখতে হয় ও দ্রুত কেড়ে নিতে হয়।’
ক্যাপোলো কথা বলেছেন ফর্মেশনও নিয়েও। ৪-৩-৩, ৪-৪-২ এসব ফর্মেশন নিয়ে এখন যত কথাই হোক, এসব পছন্দ নয় ৬৭ বছর বয়সী এই কোচের। তাঁর কথা একটাই, ‘আধুনিক ফর্মেশন হবে ৯-১। নয়জন মিলে রক্ষণ সামলাতে হবে। আক্রমণেও চাই নয়জনকে। এখন ৪০ থেকে ৫০ মিটারের মতো জায়গা কেউ ছেড়ে দেয় না। এই সময়ে আপনাকে আরও জমাট হতে হবে, একজন ২০ থেকে ৩০ মিটারের বেশি জায়গা পায় না।’ ওয়েবসাইট।