স্পেনের সমর্থক শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক মাস ধরে ‘ওয়াকা, ওয়াকা’ গানটি শোনেনি এমন ফুটবলভক্ত খুঁজে পাওয়া দায়। ইতিমধ্যেই অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠা এই গানের গায়িকা কলম্বিয়ান পপসম্রাজ্ঞী শাকিরাকে আজও ফুটবল মাঠে দেখতে পাবেন বিশ্বের লাখো-কোটি ফুটবলানুরাগী। বিশ্বকাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে গান গাইবেন এই জনপ্রিয় পপতারকা।নিজে গায়িকা হলেও ফুটবল নিয়ে বিভিন্ন গান গাইতে গাইতে এরই মধ্যে দারুণ ফুটবলভক্ত হয়ে উঠেছেন সোনালি চুলের এই লাস্যময়ী তারকা । তিনি তাঁর ফুটবলভক্তি দেখে নাকি নিজেই অবাক। সমাপনী অনুষ্ঠানের আগে জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে শাকিরা বলেছেন, ‘ফুটবল নিয়ে গান গাইতে কখন যে এই খেলাটির প্রেমে পড়ে গিয়েছি, আমি নিজেও জানি না। খুব অবাক হই যখন দেখি সকালে পত্রিকা পড়ার সময় আমি আনমনেই খেলার পাতায় চলে যাই। জীবনেও ভাবিনি, আমি এমন ফুটবল-পাগল বনে যাব।’ফুটবলভক্ত এই শিল্পী বিশ্বকাপের আজকের ফাইনালটি প্রাণভরেই উপভোগ করবেন বলে জানিয়েছেন। খেলা উপভোগ করলে একটি দলের দিকে সমর্থন মেলে ধরতে হয়, ব্যাপারটি খুব ভালো করেই জানেন শাকিরা। আনুষ্ঠানিকতা ও তারকাসুলভ রাখঢাকের বাইরে গিয়েই শাকিরা জানিয়ে দিলেন, ‘আজকের ফাইনালে আমার পুরো সমর্থনই থাকবে স্পেনের দিকে।’ স্পেনের প্রতি নিজের সমর্থনের কারণ হিসেবে তিনি বলেন, ‘গোটা বিশ্বকাপে স্পেন দারুণ সুন্দর ফুটবল খেলে দর্শকদের আনন্দ দিয়েছে। আমিও এর বাইরে নই।’