কেউ কেউ বলছে, ভালোই হয়েছে। ২০০৬ বিশ্বকাপের আগেও ইতালি ছিল এমন টালমাটাল। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে ক্ষতবিক্ষত। পায়ের নিচে মাটি ছিল না। খেলোয়াড়েরা জানতেন, বিশ্বকাপ তাঁদের অস্তিত্ব রক্ষার উপায়। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইতালিয়ান খেলোয়াড়েরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। অনেকের সমীকরণ উল্টে দিয়ে জিতেছিলেন বিশ্বকাপ। হুবহু না হলেও এবারের দৃশ্যপট অনেকটাই এক রকম। এবারও ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে ইতালির ফুটবলে তোলপাড়। এরই মধ্যে দল থেকে এক খেলোয়াড়কে প্রত্যাহারও করে নিতে হয়েছে পুলিশের তদন্তে তাঁর নামও উঠে আসায়। ইতালি কি পারবে ২০০৬-এর অনুপ্রেরণায় উজ্জীবিত হতে?তবে খুব বেশি আশাবাদী হওয়ার উপায় নেই। হতে দিচ্ছে না ইতালির সাম্প্রতিক দৈন্যদশা। ইউরোর আগে তিনটি প্রস্তুতি ম্যাচেই পরাজয়। রাশিয়ার কাছে ৩-০ গোলে হারের ক্ষতটা তো টাটকা। মানসিকভাবে নেতিয়ে পড়া সেই ইতালি আজ ইউরো-যাত্রার শুরুতেই দেবে পরীক্ষা। আজ যে তাদের প্রতিপক্ষ ইউরো ও বিশ্বজয়ী স্পেন! স্পেন এবারের ইউরোতেও সবচেয়ে ফেবারিট। গত দুটি বড় টুর্নামেন্টই জিতেছে বলে নয়, ইউরোর বাছাইপর্বেও নিজেদের সব ম্যাচ জিতে চূড়ান্ত পর্বে এসেছে ভিসেন্তে দেল বক্সের দল। জিতেছে তারা টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচেই। এর ছয়টি জয় বিশ্বকাপে, আটটি ইউরোর বাছাইপর্বে। তবে মজার ব্যাপার হলো, ২০১০ বিশ্বকাপের পর যে চারটি মাত্র দলের কাছে হেরেছে স্পেন, একটি এই ইতালিই! আর গত তিন ম্যাচেই গোলের দেখা না পাওয়া ইতালি সর্বশেষ গোল করেছিল এই পোল্যান্ডেই, গত নভেম্বরে।এই দুই তথ্যকে নিজেদের জন্য পয়া ধরে নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন সিজারে প্রানদেল্লি। মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসি যেমন এরই মধ্যে বলছেন, ‘স্পেন অবশ্যই ফেবারিট। তবে এ ধরনের টুর্নামেন্টে তাদের হারানোও অসম্ভব কিছু নয়। আমরা আত্মবিশ্বাসী।’সম্ভব অবশ্যই। জাভি, জাবি আলোনসো, আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড সিলভা, সেস ফ্যাব্রিগাস—এ মুহূর্তে বিশ্বসেরা সব মিডফিল্ডারই স্পেনের। কিন্তু আক্রমণ আর রক্ষণ—এই দুইয়ে দুর্বলতা আছে স্প্যানিয়ার্ডদের। আক্রমণে ডেভিড ভিয়ার অনুপস্থিতি ফার্নান্দো তোরেস আর ফার্নান্দো লরেন্তে কি ঘোচাতে পারবেন? তোরেস গত ১১ মাসে জাতীয় দলের হয়ে করেছেন মাত্র ১ গোল। রক্ষণে কার্লোস পুয়োলের শূন্যতা অবশ্য স্পেন পূরণ করার ব্যাপারে আশাবাদী। রামোস-আলবিওল-আরবেলোয়া—তিন রিয়াল ডিফেন্ডারের সঙ্গে আছেন বার্সেলোনার পিকে।অন্যদিকে ইতালি বাজি ধরতে চাইছে ‘ব্যাড বয়’ বালোতেল্লিকে দিয়েই। পিকেও সতীর্থদের সাবধান করছেন এই বলে, ‘বালোতেল্লি এমন এক খেলোয়াড় যে একাই একটা ম্যাচ জেতাতে পারে। ওর ওপর আমাদের তীক্ষ নজর রাখতে হবে।’ যদিও ইতালির কোচ প্রানদেল্লি নিজেই দলের ওপর থেকে প্রত্যাশার সব বোঝা সরিয়ে ফেলছেন এই বলে, এখানে বড় কোনো প্রত্যাশা নেই। এই টুর্নামেন্ট ঘিরে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যও নাকি নেই তাঁর! এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।