স্পেনের স্বপ্নে জার্মান ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষের ঘণ্টা বাজছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে। রোমাঞ্চকর শেষের অপেক্ষায় শুধু ইংলিশ প্রিমিয়ার লিগই। দুই নগর প্রতিদ্বন্দ্বীর তুমুল লড়াইয়ের শেষাঙ্ক মঞ্চস্থ হবে লিগের একেবারে শেষ ম্যাচে। স্প্যানিশ, ইতালিয়ান, জার্মান, ডাচ—আর সব শীর্ষ লিগেরই শিরোপার ফয়সালা হয়ে গেছে। তাই বলে কিন্তু শীত-ঘুম দেওয়ার জো নেই ইউরোপিয়ান ফুটবলের। ইউরো ২০১২ যে কড়া নাড়ছে দরজায়!‘গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে অলিম্পিকের সঙ্গে লড়াই হয় বিশ্বকাপ ফুটবলের। পুরো বিশ্ব বিশ্বকাপ ফুটবলে বুঁদ হয়ে থাকে এক মাস। তবে ফুটবলের মান আর প্রতিদ্বন্দ্বিতার বিবেচনায় অনেকের কাছেই এগিয়ে ইউরো। ইউরোপের সেরা ১৬ দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ১৪তম আসর শুরু হয়ে যাচ্ছে ৮ জুন। প্রথমবারের মতো যৌথ আয়োজক পোল্যান্ড ও ইউক্রেন। ক্লাব দলের অনেক ‘শত্রু’ এবার জাতীয় দলে হয়ে যাবেন সতীর্থ। লাখো ডলার বেতন উসুলে নয়, দেশপ্রেমের আবেগে ঝাঁপিয়ে পড়বেন ফুটবলাররা। রোমাঞ্চটা একটু বেশিই ছুঁয়ে যাওয়ার কথা স্প্যানিশ ফুটবলারদের। তাঁদের সামনে যে ইতিহাস গড়ার হাতছানি!বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দুটি শিরোপা এখন স্পেনের—২০০৮ ইউরো ও ২০১০ বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টেও হট ফেবারিট ভিসেন্তে দেল বস্কের দল। ফেবারিটের মর্যাদা ধরে রেখে শেষ পর্যন্ত ট্রফিটা জিতে গেলে স্পেন গড়ে ফেলবে ‘ট্রেবল’ জয়ের অনন্য কীর্তি। ইউরো-বিশ্বকাপ-ইউরো—টানা এই তিন টুর্নামেন্ট জয়ের কৃতিত্ব নেই আর কোনো দলের। ইউরো শিরোপা ধরে রাখার অনন্য কীর্তিটাও হয়ে যাবে।স্পেনের সবচেয়ে বড় শক্তি প্রায় একই দল নিয়ে খেলা। এই সোনালি প্রজন্ম দলকে আরও গৌরব এনে দিতে পারে, এর ইঙ্গিত মিলেছে বাছাইপর্বেই। আট ম্যাচের সব কটি জিতে মূল টুর্নামেন্টে এসেছে চ্যাম্পিয়নরা, ২৬টি গোল করে খেয়েছে মাত্র ছয়টি! ১০ জুন ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের শিরোপা ধরে রাখার অভিযান। গ্রুপ ‘সি’-তে অন্য দুই সঙ্গী আয়ারল্যান্ড ও ক্রোয়েশিয়া।তবে ইউরোর ইতিহাস বলছে, ফেবারিট তকমাটার মূল্য টুর্নামেন্টে খুব কমই আছে। প্রতিদ্বন্দ্বিতার মাত্রা কোন পর্যায়ে, এর সবচেয়ে বড় প্রমাণ কোনো দলের টানা দুবার শিরোপা জিততে না পারা। স্পেন কোচ দেল বস্ক তাই সতর্ক করে দিয়েছেন শিষ্যদের, ‘গত ইউরো আর বিশ্বকাপের কথা ভেবে তৃপ্তির ঢেকুর না তোলাটা জরুরি। আমরাই সেরা, এটা ভেবে যদি বসে থাকি, সেটাই হবে ব্যর্থতার প্রথম সোপান।’স্পেনের ইতিহাস গড়ার পথে সবচেয়ে বড় বাধা জার্মানি। তিনবার শিরোপাজয়ী প্রতিযোগিতার সফলতম দল এবারও অন্যতম ফেবারিট। বাছাইপর্বে স্পেন ছাড়া শুধু জার্মানিই জিতেছে সব ম্যাচ (১০)। ২০০৮ ইউরো ফাইনাল আর ২০১০ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানিকেই হারিয়েছিল স্পেন। তবে এবার জার্মান দেয়াল টপকানো সহজ হবে না। নয়্যার-লাম-শোয়েইনস্টাইগার-গোমেজসহ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা বায়ার্ন মিউনিখ দলের অনেকেই জার্মানির জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। সঙ্গে দুই রিয়াল মাদ্রিদ তারকা মেসুত ওজিল ও সামি খেদিরাও আছেন ফর্মে। তবে সম্ভাব্য কঠিনতম শুরুই হচ্ছে জার্মানির। তারা যে পড়েছে ডেনমার্ক, পর্তুগাল ও হল্যান্ডের সঙ্গে ‘গ্রুপ অব ডেথ’-এ!পর্তুগাল যথারীতি ‘ডার্ক হর্স’, বিবেচনায় রাখতে হবে বিশ্বকাপ রানার্সআপ ডাচদেরও। বিশ্বকাপের বিভীষিকা কাটিয়ে লরা ব্লাঁর কোচিংয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ফ্রান্স। তবে জিনেদিন জিদানের উত্তরসূরিরা কতটা গুছিয়ে নিতে পেরেছেন, প্রমাণ মিলবে ইউরোতেই। ইউরো জিততে না পারা একমাত্র বিশ্বকাপজয়ী ইউরোপিয়ান দল ইংল্যান্ডের জন্য এবারও আশার আলো খুব বেশি নেই। টুর্নামেন্ট শুরুর মাস খানেক আগে নতুন কোচ পেয়েছে ইংলিশরা, যাঁকে নিয়ে হাজারো সংশয় খোদ ইংল্যান্ডেই। নিষেধাজ্ঞার কারণে আবার প্রথম দুই ম্যাচে থাকবেন না দলের সেরা তারকা ওয়েইন রুনি।১ জুলাই কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে ট্রফি হাতে ইকার ক্যাসিয়াস—কল্পনার চোখে এই ছবিটাই এখনো সবচেয়ে উজ্জ্বল। পেছনে ধূসরমতো ফিলিপ লাম! এএফপি।