স্পেনের ‘আনসাং হিরো’
তিনি কিছুই পেলেন না, খুব একটা শোরগোলও হলো না তাঁকে নিয়ে। অথচ সার্জিও বুসকেটসকে বলা যায় এই বিশ্বকাপের স্পেন দলটার মেরুদণ্ড। দলের ডিফেন্স, মাঝমাঠ আর আক্রমণভাগকে একসূত্রে গেঁথে চলেছেন ম্যাচের পর ম্যাচ। একটা জায়গা তো ছাড়িয়ে গেছেন আর সবাইকেই। পাসের সফলতার হারে (৮৮%) এই বিশ্বকাপে সবার আগে এই মিডফিল্ডার। কিছুদিন আগেও যাঁকে ছাড়া স্পেন দল ভাবা যেত না, সেই মার্কোস সেনার কথা যে কারও মনেই পড়ছে না, এর কারণও তো এই বুসকেটসই!বার্সার বিখ্যাত যুব প্রকল্প থেকে উঠে আসা বুসকেটসের বাবা কার্লোস ছিলেন গোলরক্ষক। কার্লোস ১০ বছর খেলেছেন বার্সায়, তবে আনদোনি জুবিজারেতা ও ভিতর বাইয়ার জন্য বেশির ভাগ সময় বসে থাকতে হয়েছে বেঞ্চেই। ছেলের কিন্তু সেরা একাদশে নিয়মিত হতে খুব বেশি দিন লাগেনি। প্রথম মৌসুমেই পেলেন লা লিগার বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার, ক্লাব ফুটবলে অভিষেকের ছয় মাসের মাথায় ডাক পেয়ে গেলেন জাতীয় দলে। এখানেও তাঁর খেলায় মুগ্ধ ভিসেন্তে দেল বস্ক। বিশ্বকাপেও কোচের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। আক্রমণে যেমন বলে জোগান দিয়েছেন, চোখের পলকে আবার নিচে নেমে বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের পা থেকে। এর ফাঁকে দেখিয়েছেন নিজের সৃষ্টিশীলতাও। তবে ডিফেন্সিভ মিডফিল্ডার বলেই হয়তো তাঁকে নিয়ে আলোচনা এত কম। কিন্তু বিশ্বকাপে স্পেনের ‘আনসাং হিরো’ তিনিই। এমন পরিণত পারফরম্যান্স ভুল বুঝিয়েছে তাঁর বয়স, চার দিন পর মাত্র ২২ পূর্ণ করবেন তিনি!বুসকেটস অবশ্য দারুণ বিনয়ী, বিশ্বকাপে এমন সাফল্যের কৃতিত্ব দিলেন সতীর্থদের, ‘আমি বয়সে হয়তো তরুণ, কিন্তু প্রতি মুহূর্তেই উন্নতি করছি। একদল গ্রেট ফুটবলারের সঙ্গে আমি ট্রেনিং করি, উন্নতি তাই হবেই। নিজের ফর্মে আমি খুশি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল। সতীর্থদের সাহায্য ছাড়া আমি এই পর্যায়ে আসতেই পারতাম না।’ ছোট্ট ক্যারিয়ারে চ্যাম্পিয়নস লিগ ফাইনালসহ খেলে ফেলেছেন গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ। কিন্তু সবচেয়ে বড় ম্যাচটি আজ। ফাইনালে একটা বাড়তি দায়িত্বও থাকবে তাঁর, সামলাতে হবে দুরন্ত ফর্মে থাকা ওয়েসলি স্নাইডারকে। বুসকেটসের বিশ্বাস, স্নাইডারকে নিষ্ক্রিয় করে রাখতে পারবেন তাঁরা। বুসকেটস-স্নাইডারের এই লড়াইয়ের জয়-হারই আজ হয়তো গড়ে দেবে দুই দলের ভাগ্য।