স্পেন-ইংল্যান্ডের সহজ জয়

বিশ্বকাপের প্রস্তুতিতে পরশু প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, ইংল্যান্ড, উরুগুয়ের মতো দলগুলোও। তবে কৌতূহলটা বেশি ছিল যুক্তরাষ্ট্রের মিসৌরিতে বসনিয়া ও আইভরিকোস্টের ম্যাচটা নিয়েই। দুই দলই যে ব্রাজিল বিশ্বকাপের যাত্রী। দুই দলের কাছেই অন্য রকম চ্যালেঞ্জের ম্যাচটিতে জয়ী বসনিয়া। এডিন জেকোর জোড়া গোলে প্রথমবার বিশ্বকাপে জায়গা পাওয়া বসনিয়া ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দ্রগবার আইভরিকোস্টকে। জিতেছে স্পেন, ইংল্যান্ড, উরুগুয়ে, চিলি, সুইজারল্যান্ডও।
ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত একটা মৌসুম কাটানো এডিন জেকোকে ঘিরেই বসনিয়ানদের যত আশা । দুই গোল করে ২৮ বছর বয়সী স্ট্রাইকার বুঝিয়ে দিলেন দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্য তিনি প্রস্তুত। ফিফা র্যাঙ্কিংয়ে আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে ইয়াইয়া তোরে-দ্রগবাদের আইভরিকোস্ট৷ তাদের বিপক্ষে জয়টা বসনিয়াকে জোগাবে প্রেরণা। দল হারলেও দ্রগবা ৬৩ মিনিটে বদলি নেমে করেছেন দলের একমাত্র গোল। ম্যাচ শেষে দিয়েছেন সগর্ব ঘোষণা, ‘বিশ্বকাপের জন্য আমি তৈরি।’
ঘরের মাঠে স্পেন বলিভিয়াকে হারিয়েছে ২-০ গোলে। স্কোরলাইন ম্যাচের চিত্রটা ফুটিয়ে তুলতে পারছে না। ভিসেন্তে দেল বস্কের দল ম্যাচের আগাগোড়াই দুর্দান্ত খেলেছে৷ প্রথম গোল পেয়েছে অবশ্য ৫৪ মিনিটে । পেনাল্টি থেকে স্পেনকে প্রথম এগিয়ে দেন প্রায় এক বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা ফার্নান্দো তোরেস। দ্বিতীয় গোলটি আন্দ্রেস ইনিয়েস্তার।
লুইস সুয়ারেজবিহীন উরুগুয়ে ১-০ গোলে হারিয়েছে উত্তর আয়ারল্যান্ডকে। মন্টে ভিডিওতে পুরো ম্যাচেই বেঞ্চে চোটগ্রস্ত সুয়ারেজ। দেখেছেন গোলের জন্য ফোরলান-কাভানিদের সংগ্রাম। শেষ পর্যন্ত উরুগুয়েকে জয় এনে দিয়েছেন ফোরলানের বদলি হিসেবে নামা স্তুয়ানি । দক্ষিণ আমেরিকার আরেক দল চিলি প্রথমে ২-০-তে পিছিয়ে পড়েও মিসরকে হারিয়েছে ৩-২ গোলে। তিনটি গোলেই অবদান রেখেছেন বার্সেলোনা ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ।
সবচেয়ে সহজ জয়টি পেয়েছে ইংল্যান্ড। রয় হজসনের তারুণ্যনির্ভর দলটি সেভাবে পাদপ্রদীপের আলোয় নেই! তবে দক্ষিণ আমেরিকার দেশ পেরুকে ৩-০ গোলে হারিয়ে ইংল্যান্ড বুঝিয়ে দিল অনেক দূর যাওয়ার সামর্থ্য তাদের আছে। ইংল্যান্ডকে প্রথম এগিয়ে দেন লিভারপুলে সুয়ারেজের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তোলা ড্যানিয়েল স্টারিজ। অন্য গোল দুটি করেছেন গ্যারি কাহিল ও ফিল জাগিয়েলকা। জ্যামাইকার সঙ্গে সুইজারল্যান্ডের জয়টা ১-০ গোলে। এএফপি৷
এক নজরে
স্পেন ২ : ০ বলিভিয়া
ইংল্যান্ড ৩ : ০ পেরু
বসনিয়া ২ : ১ আইভরিকোস্ট
চিলি ৩ : ২ মিসর
উরুগুয়ে ১ : ০ উত্তর আয়ারল্যান্ড
সুইজারল্যান্ড ১ : ০ জ্যামাইকা