মায়ের অসুস্থতার খবর পেয়ে হঠাৎই কাল পাকিস্তান ফিরে গেছেন তৌসিক আরশাদ। প্রিমিয়ার হকি লিগে এই ফরোয়ার্ডের অভাবটা কাল বেশ ভালোই বুঝল আবাহনী। আরশাদের পাশাপাশি স্থানীয় দুই খেলোয়াড় মশিউর রহমান বিপ্লব ও মাকসুদ আলম হাবুলও চোটের কারণে বাইরে। কাল তাই বাংলাদেশ স্পোর্টিংয়ের মতো দুর্বল দলের বিপক্ষেও জিততে কষ্ট হলো আবাহনীর। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতেছে বটে, কিন্তু ম্যাচটি ড্র হলেও অবাক হওয়ার কিছু থাকত না। লিগে আবাহনীর এটি টানা তৃতীয় জয়।
আবাহনীকে ৩২ মিনিটে প্রথম এগিয়ে দেন রাজীব। দ্বিতীয়ার্ধে শেখ নান্নু ও মোহাম্মদ ইরফানের গোলে ৩-১ করে ফেলে আবাহনী। প্রথম গোল খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বাংলাদেশ স্পোর্টিং সমতা এনে ফেলে শাহবাজ আলীর গোলে। দিনের অন্য ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ২-২ গোলে ড্র করেছে ওয়ান্ডারার্স স্পোর্টিংয়ের সঙ্গে। ওয়ান্ডারার্সের পক্ষে গোল করেন সারোয়ার ও শুভ। অ্যাজাক্সের রাহাত ও রুবেলের গোলে ম্যাচটি শেষ হয় সমতায়।
আজকের খেলা: আজাদ-রেলওয়ে, ঊষা-মেরিনার্স (বেলা ২টা ও বিকেল ৪টা)।