স্প্যানিশ ছন্দে হতবিহ্বল জার্মানি
স্কোরলাইন কখনো কখনো কতটাই না ভুল বোঝায়!ফলাফল ১-০, সেই গোলটিও আবার এসেছে কর্নার থেকে হেডে, শুনলে মনে হবে ম্যাড়মেড়ে একটি ম্যাচ। ১-০ গোলে জেতা কোনো দল প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে, এটা বলাটাও হয়তো বাড়াবাড়ির চূড়ান্ত মনে হবে। কিন্তু আদতে তো হলো তা-ই! স্পেন-জার্মানির সেমিফাইনাল দেখিয়ে দিল এক গোলের ম্যাচও কতটা আনন্দদায়ী হতে পারে! স্পেন দেখিয়ে দিল এক গোলে জিতেও প্রতিপক্ষকে কীভাবে দুমড়েমুচড়ে দেওয়া যায়।পরিসংখ্যান মাঝে মাঝেই সবাইকে এমন বোকা বানায়। বল দখলের লড়াইয়ের পরিসংখ্যানটা (স্পেন ৫১%, জার্মানি ৪৯%) যেমন বোঝাতে পারছে না পুরো ম্যাচে স্পেন কতটা আধিপত্য নিয়ে খেলেছে। পরিসংখ্যানে লেখা নেই ১৬ আউন্স ওজনের ওই চর্মগোলকটা নিয়ে কী জাদুটাই না দেখাল স্প্যানিশরা। লেখা নেই টেলিপ্যাথিক যোগাযোগে মাঝমাঠে জার্মানদের কীভাবে অসহায় বানিয়ে রেখেছিলেন জাভি-ইনিয়েস্তা-আলোনসো-পেদ্রোরা। লেখা নেই জার্মানির ‘ইঞ্জিন’ বলে পরিচিত বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে কীভাবে নিষ্ক্রিয় করে রেখেছিল স্প্যানিশরা। লেখা নেই ক্লোসা-পোডলস্কি-ওজিলদের পায়ে কীভাবে শেকল পরিয়েছিল রামোস-পিকে-ক্যাপডেভিয়ারা।তার পরও যদি কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে শুনুন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের কথা, ‘আমাদের সব ফুটবলার ছিল অনন্যসাধারণ। ডিফেন্স থেকে আক্রমণভাগ পর্যন্ত সবাই অসাধারণ খেলেছে। আমাদের লক্ষ্য ছিল বল পায়ে রাখা, খেলোয়াড়েরা সেই পরিকল্পনা দারুণ দক্ষতায় বাস্তবায়ন করেছে।’ একজন কোচ যখন দলের খেলায় এতটা তৃপ্ত হন, বোঝা যায় দল খেলেছে সামর্থ্যের সর্বোচ্চটা। গোল আরও বেশি হতে পারত, কয়েকটি সুযোগ মিস হয়েছে, এমন কিছু আক্ষেপ থাকবেই, যেটা সব সময়ই থাকে। কিন্তু দল যেদিন এমন মন ভরিয়ে দেওয়া ফুটবল খেলে, সেদিন ছোটখাটো ওসব আক্ষেপ নিয়ে ভেবে কী লাভ! বরাবরের মতোই ম্যাচ শুরুর পরই নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্পেন। প্রথম ১৫ মিনিটে বল দখলে রেখেছিল ৭০ শতাংশ! ১২ মিনিটের মধ্যে দারুণ দুটো সুযোগও পেয়েছিল তারা। পেদ্রো রদ্রিগেজের ডিফেন্স-চেরা এক অসাধারণ পাসে পা লাগিয়েছিলেনও ডেভিড ভিয়া, কিন্তু ফিরিয়ে দেন আগুয়ান গোলকিপার ম্যানুয়েল নয়্যার। আর আন্দ্রেস ইনিয়েস্তার ক্রসে খুব কাছ থেকে নেওয়া কার্লোস পুয়োলের হেড উড়ে যায় বাইরে। এর পর থেকেই এক গোলটা ছাড়া আর সবই করছিল স্পেন। তবে তাদের কৃতিত্ব এখানে, ধৈর্য না হারিয়ে নিজেদের খেলাটা খেলে গেছে।পরশু সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলা ভিয়াকে খুব বেশি নড়াচড়ার সুযোগ দেয়নি দীর্ঘদেহী দুই ডিফেন্ডার পার মার্টসেকার ও আর্নে ফ্রেডেরিখ। তবে এমন মিডফিল্ড যাদের, তাদের কি আর থামিয়ে রাখা যায়! এখানেই পরশু আরেকটা ব্যাপার প্রমাণ করেছে স্পেন, পেশাদারি ফুটবলের এই যুগেও স্কিলের মূল্য এখনো আছে। ছক-অঙ্ক যতই কাটা হোক না কেন, ব্যক্তিগত দক্ষতার একটা জায়গা আছেই। দেল বস্কও যেমন জয়ের কৃতিত্ব অনেকটাই দিচ্ছেন তাঁর মিডফিল্ডকে। জার্মানি যে একেবারেই আক্রমণ করতে পারেনি, তা নয়। কয়েকবার পাল্টা আক্রমণে উঠেছে তারা, কিন্তু পেরে ওঠেনি স্পেনের দুর্ভেদ্য ডিফেন্স ও ইকার ক্যাসিয়াসের বিশ্বস্ততায়। সেরা সুযোগটা পেয়েছিল তারা ৬৮ মিনিটে, পোডলস্কির ক্রস ধরে ফাঁকায় দাঁড়ানো টনি ক্রুসের শট দারুণ রিফ্লেক্সে ফিরিয়ে দেন ক্যাসিয়াস। এর ৫ মিনিট পরই ম্যাচের একমাত্র গোল, জাভি হার্নান্দেজের কর্নারে লাফিয়ে উঠে তীব্র গতির হেডে নয়্যারকে পরাস্ত করেন পুয়োল। টমাস মুলারকে না পাওয়াটা ভুগিয়েছে জার্মানদের। মুলারের বদলে প্রথমে ট্রচোস্কি ও পরে ক্রুস খেললেও তাঁরা মুলার হয়ে উঠতে পারেননি।অন্যদিকে ফার্নান্দো তোরেসকে বসিয়ে পেদ্রোকে খেলানোর বাজিটা দারুণভাবে কাজে লেগে যায়। পুরো ম্যাচেই অসাধারণ খেলেছেন পেদ্রো, আরেকবার প্রমাণ দিয়েছেন স্পেনের রিজার্ভ বেঞ্চের শক্তিমত্তার। তবে স্পেনকে নিশ্চিত আরেকটি গোলবঞ্চিত করেছেন আবার এই পেদ্রোই। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েছিলেন পেদ্রো, তাঁকে বাধা দিচ্ছিলেন মার্টসেকার। পাশে তোরেস ছিলেন অরক্ষিত। কিন্তু পাস না দিয়ে নিজেই গোল করতে গিয়ে সুযোগটা হাতছাড়া করেন। দেল বস্কও সঙ্গে সঙ্গে শাস্তি দেন তাঁকে তুলে নিয়ে।ম্যাচ শেষে ওসব কিছু আর মনে থাকেনি। ইতিহাস গড়ার দিনে এসব আর কে মনে রাখে!