স্প্যানিশ নায়ক পুয়োল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালি ঝাঁকড়া চুল তাঁর চেহারার মূল আকর্ষণ। স্প্যানিশ রক্ষণে অনেক দিন ধরেই তিনি নির্ভরতার প্রতীক। একেক করে খেলে ফেললেন তিনটি বিশ্বকাপ। তৃতীয় বিশ্বকাপটি বিধাতা তাঁর জন্য রেখে দিয়েছিলেন অনাবিল এক আনন্দের উত্স হিসেবে, তাঁর গোলেই যে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে স্পেন।হ্যাঁ কার্লোস পুয়োলের কথাই বলা হচ্ছে। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে পুরো খেলাতেই বোতলবন্দী করে রাখলেন দুই দুর্ধর্ষ জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা ও লুকাস পোডলস্কিকে। জেরার্ড পিকেকে সঙ্গে করে অলঙ্ঘনীয় দেয়াল গড়ে স্প্যানিশ রক্ষণকে বানালেন দুর্গম দুর্গ। আক্রমণভাগে স্পেনের মূল স্ট্রাইকার ডেভিড ভিয়া যখন স্যামি খেদিরা ও পাব মার্টসেকারের উচ্চতার কারণে নিজেকে হাওয়ায় ভাসাতে হিমশিম খাচ্ছেন, ঠিক তখনই ত্রাতা হিসেবে ছুটে এলেন কার্লোস পুয়োল। ৭৩ মিনিটের সময় জাভির কর্নার থেকে শরীরকে হাওয়ায় ভাসিয়েই মাথা ছুঁইয়ে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাভূত করে হাওয়ায় ওড়ালেন গোটা স্পেনকে। হয়ে উঠলেন স্প্যানিশ গৌরবের যথার্থ নায়ক। প্রথমবারের মতো যাঁর গোলেই বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন পূরণ হলো ‘লা রোজা’দের, তাঁকে ঘিরে আনন্দে মেতে ওঠাটাই তো স্বাভাবিক। গোটা স্পেন শিবিরে চলছে ‘পুয়োল বন্দনা’। বিশ্বকাপে পাঁচ গোল করে শীর্ষে থাকা ডেভিড ভিয়া পুয়োলকে একটি চমত্কার খেতাব দিয়েছেন। তিনি জানিয়েছেন পুয়োলের সার্থক প্রতিনাম ‘হাঙর’ ছাড়া আর কিছুই হতে পারে না। ভিয়ার কাছ থেকে এই প্রতিনাম খুব সম্ভবত সাফল্যের জন্য পুয়োলের ক্ষুধা আর ক্ষিপ্রতার কারণেই জুটেছে। স্প্যানিশ মিডফিল্ডার জাভি আলোনসো বলেছেন, ‘আমরা অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম, কিন্তু গোল বের করে আনতে পারছিলাম না। কিন্তু পুয়োল হঠাত্ দ্রুতগতিতে ছুটে এসে গোল করে ফেলল। অসাধারণ একটা গোল ছিল এটা।’শুধু স্পেনের খেলোয়াড়েরাই নয়, পুয়োলের প্রশংসায় মেতেছেন দেশের প্রেসিডেন্ট হোসে লুইস রদ্রিগেজ জাপাটেরোও। স্প্যানিশ রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘লাফ দিয়ে এগিয়ে এসে চমত্কার একটা হেড থেকে গোলটা করেছে পুয়োল। সে সত্যিই দুর্দান্ত।’