স্প্যানিশ ফাইনালের কাঁটা স্পোর্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপা লিগের দুই সেমিফাইনালের একটি অলস্প্যানিশ—অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া। অন্য সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন। পর্তুগিজ এ ক্লাবটিকে হারিয়ে বিলবাও ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের ফাইনালকে রূপ দিতে চায় অলস্প্যানিশ ফাইনালে। সেই আশাতেই সেমিফাইনালের প্রথম লেগটি খেলতে মার্সেলো বিয়েলসার দল যাচ্ছে পর্তুগালে।সেমিফাইনালের পথে বিলবাও হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড ও শালকে জিরো ফোরের মতো দলকে। প্রথম লেগটি স্পোর্টিংয়ের মাঠে হলেও বিয়েলসার দলই তাই ফেবারিট!তবে স্পোর্টিংও সেমিফাইনালের পথে ম্যানচেস্টার সিটির মতো দলকে হারিয়ে এসেছে। যদিও ঘরোয়া ফুটবলে পর্তুগিজ ক্লাবটি পার করছে কঠিন সময়। তবে ডমিঙ্গোস পাসিয়েনসিয়াকে বরখাস্ত করে রিকার্ডো সা পিন্টোকে দায়িত্ব দেওয়ার পর আট ম্যাচের ছয়টিতেই জিতেছে স্পোর্টিং। তা ছাড়া ইউরোপিয়ান টুর্নামেন্টে নিজেদের মাঠে সর্বশেষ সাত ম্যাচেই তারা জয়ী। কোচ সা পিন্টোর আবার আছে উয়েফা কাপের (বর্তমানে ইউরোপা লিগ) ফাইনালে খেলার অভিজ্ঞতা। ২০০৫ সালে নিজেদের মাঠের ফাইনালে স্পোর্টিংয়ের হয়ে খেলেছিলেন। তবে অভিজ্ঞতাটা সুখকর নয়, সিএসকেএ মস্কোর কাছে হেরে যায় স্পোর্টিং।বিলবাওয়ের অভিজ্ঞতাও একই রকম হতাশার। সেই ১৯৭৭ সালে একমাত্র ফাইনালটিতে বিলবাও হেরেছিল জুভেন্টাসের কাছে। এবার তাই দুই দলেরই দ্বিতীয়বারের মতো ফাইনালে যাওয়ার স্বপ্ন।অন্য সেমিফাইনালটি ভ্যালেন্সিয়ার জন্য প্রতিশোধ-মিশন। ২০০৯-১০ মৌসুমে উয়েফা কাপ নাম বদলে ইউরোপা লিগ হওয়ার প্রথম মৌসুমেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই স্প্যানিশ ক্লাব। তাতে অ্যাওয়ে গোলে জিতে সেমিফাইনালে উঠে যায় অ্যাটলেটিকো। তবে অ্যাটলেটিকোর মাঠে দ্বিতীয় লেগে ভ্যালেন্সিয়া নিশ্চিত একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়। পরে তো ফুলহামকে হারিয়ে অ্যাটলেটিকো জিতে নেয় একমাত্র শিরোপাও। সেই অ্যাটলেটিকোকেই সামনে পেয়ে প্রতিশোধের আগুন নেভাতে চাইছে উনাই এমেরির দল। যদিও ভ্যালেন্সিয়ার স্প্যানিশ লেফটব্যাক জর্ডি আলবা বলছেন, ‘আমরা ফাইনাল থেকে ১৮০ মিনিট দূরে, যা অনুপ্রেরণার দারুণ উৎস। দুই বছর আগে কী ঘটেছিল, তা খেলোয়াড়, সমর্থক সবাই ভুলে গেছে। কারণ ওটা ছিল পক্ষপাতদুষ্ট। এখন আমরা তাদের হারাতে চাই।’ এএফপি।