স্প্যানিশ ফুটবলকে ধ্বংস করছেন মরিনহো!
রিয়াল মাদ্রিদের শিরোপাখরা ঘুচানোর মিশন নিয়েই স্পেনে এসেছিলেন এ সময়ের অন্যতম সেরা কোচ হোসে মরিনহো। কিন্তু সে কাজে এখনো খুব বেশি সফল হতে পারেননি পর্তুগিজ এই কোচ। গতকাল নতুন মৌসুমের শুরুতেই বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে স্প্যানিশ সুপার কাপ জয়ের স্বপ্ন ধূলিসাত্ হয়ে গেছে রিয়ালের। আবার উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মরিনহো যে ধরনের আচরণ করেছেন, তাতে খুবই ক্ষুব্ধ হয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার খেলোয়াড়েরা। এমনকি মরিনহো স্প্যানিশ ফুটবলকে ধ্বংস করছেন বলেও মন্তব্য করেছেন বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে।সুপার কাপ ফাইনালের প্রথম লেগটা ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় লেগে ফুটবলপ্রেমীদের জমজমাট এক লড়াই উপহার দিয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে রিয়ালের ডিফেন্ডার মার্সেলো, সেস ফেব্রিগাসকে খুব বাজে একটা ট্যাকেল করার পর উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা। সে সময় এই বিশৃঙ্খলতায় জড়িয়ে পড়েন মরিনহোও। তাঁকে দেখে মনে হয়েছিল, তিনি যেন বার্সেলোনার সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে আঙুল দিতে চাচ্ছেন। ম্যাচ শেষে ভিলানোভাকে ইঙ্গিত করে অশোভন মন্তব্যও করেছেন ফিফার বর্ষসেরা এই কোচ। মরিনহোর এই আচরণ খুবই ‘মর্মান্তিক’ ও ‘ফুটবলের জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন বার্সেলোনার মিডফিল্ডার জাভি।বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকে এখানেই থেমে থাকেননি। মরিনহো তাঁর উদ্ধত আচরণ ও কৌশল দিয়ে স্প্যানিশ ফুটবলেরই ধ্বংস ডেকে আনছেন বলে মনে করছেন তিনি। বলেছেন, ‘মরিনহো স্প্যানিশ ফুটবলকে ধ্বংস করছেন। এ ধরনের ঘটনা এবারই প্রথম না। তাদের অবশ্যই থামানোর উপায় বের করতে হবে। আশা করছি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ ওয়েবসাইট।