স্প্যানিশ লিগ কি সত্যিই একঘেয়ে!

কারও চোখে স্প্যানিশ লা লিগাই বিশ্বসেরা। বিশ্বসেরা ফুটবলারদের পদভারেই তো প্রকম্পিত এই লিগ। কিন্তু কারও কারও চোখে সেই আগুনে উত্তাপটা এই লিগে কোথায়? দুই ঘোড়ার দৌড় দেখতে কারই-বা ভালো লাগে? কিন্তু তাই বলে ‘একঘেয়ে’! এমন বিশেষণ স্প্যানিশ লিগ অনুরাগীদের দুঃখ দেবে সন্দেহ নেই।
সম্প্রতি আলোচনাটি উসকে দিয়েছেন ডিয়েগো সিমিওনি। অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ কদিন আগে যা বলেছেন, তার সারমর্ম হলো, স্প্যানিশ লিগ একঘেয়ে। এই লিগে কোনো বৈচিত্র্য নেই। শিরোপা ঘুরছে দুই হাতেই—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার।
সিমিওনি স্প্যানিশ লিগকে ‘একঘেয়ে’ বলছেন কেবল একটি কারণে—শিরোপাজয়ীর তালিকায় বৈচিত্র্য না থাকা। স্প্যানিশ লিগের গত ২৩ বছরের রোল অব অনার সিমিওনির বক্তব্যকেই সমর্থন জানাচ্ছে। ১৯৯০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২৩টি লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের বাইরে শিরোপা জিতেছে মাত্র তিনটি দল। ১৯৯৫ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ, ১৯৯৯ সালে দেপোর্তিভো এবং ২০০১ ও ২০০৪ সালে ভ্যালেন্সিয়া।
বার্সেলোনা আর রিয়াল ঘুরেফিরে শিরোপা জেতে বলেই স্প্যানিশ লিগ বৈচিত্র্য হারাচ্ছে, একপেশে হয়ে যাচ্ছে! সিমিওনি কিন্তু মন্তব্যটা এমনি এমনি করেননি। দীর্ঘদিন ধরেই স্প্যানিশ লিগে টেলিভিশন স্বত্বের টাকা নিয়ে চলছে বিরাট বৈষম্য। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ টিআরপির বিরাট অংশ দখল করে রাখায় স্বত্বের টাকার সিংহভাগ তাদের কাছে চলে যাচ্ছে। সেই টাকায় স্ফীত হচ্ছে এই দুই ধনাঢ্য ক্লাবের ব্যাংক ব্যালান্স।
বাইরের খেলোয়াড় তো বটেই, স্প্যানিশ ফুটবল অঙ্গনের প্রায় সব বড় তারকাই খেলেন এই দুই দলে। পুরো ব্যাপারটিই স্প্যানিশ লিগকে একপেশে আর একঘেয়ে করে ফেলার পেছনে ভূমিকা রেখে চলেছে বড় পরিসরেই। সর্বশেষ নয় মৌসুমে স্প্যানিশ শিরোপা তো বার্সা অথবা রিয়ালের ঘরেই গেছে। শিরোপা শুধু এই দুই ক্লাবেই ঘোরাঘুরিতে আলোচনা শেষ হচ্ছে না। কারণ, তাদের সঙ্গে অন্য দলগুলোর অযুত-নিযুত ব্যবধান। সর্বশেষ চার মৌসুমে লিগের দ্বিতীয় দল থেকে তৃতীয় স্থান দখলে নেওয়া দলটির পয়েন্টের ব্যবধান গড়ে ২১-এর ওপর ছিল!
গত দুটো মৌসুমেই পয়েন্টের সেঞ্চুরি গড়ে শিরোপা জিতেছে রিয়াল ও বার্সেলোনা। ৩৮ ম্যাচের লম্বা দৌড়ে ওই দুই মৌসুমে এই দুই চ্যাম্পিয়ন হেরেছিল মাত্র দুটো করে ম্যাচ। এবারও পয়েন্টের সেঞ্চুরি দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
স্প্যানিশ ফুটবলের ভক্তদের কাছে এই শতকের প্রথম বছরগুলো যেন বহু আগের ধুলোজমা স্মৃতি, যখন দেপোর্তিভো কিংবা ভ্যালেন্সিয়ার মতো দলগুলো জ্বলজ্বল করছে প্রতিভার আলোয়।
বিতর্ক যখন উঠেই গেছে, তখন স্প্যানিশ লিগের পক্ষেও সমর্থনের হাত কিন্তু একেবারেই কম নয়। যে যা-ই বলুন, এর সমর্থকদের মতে, বার্সা ও রিয়ালে বিভক্ত হয়ে থাকা বিশ্বের সেরা ফুটবলারদের লড়াই-ই এর অন্য সব দুর্বলতা ঢেকে দেয় বেশ ভালোভাবে।
মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার আনন্দের সঙ্গে তুলনীয় আর কী হতে পারে! এই মৌসুমে ব্রাজিলীয় তুর্কি নেইমারের আগমন বার্সা-রিয়ালের লড়াইয়ে যে নতুন মাত্রা জোগাবে, সেটা তো বলাই বাহুল্য। এর পাশাপাশি ইসকো কিংবা গ্যারেথ বেলের অন্তর্ভুক্তি বার্সা ও রিয়ালের লড়াইকে যে পর্যায়ে নিয়ে যাবে, সেটা যেকোনো ফুটবলপ্রেমীর কাছেই বড় এক লোভনীয় ব্যাপার।
বার্সা আর রিয়ালের দ্বৈরথই তো উত্তেজনা সৃষ্টির জন্য যথেষ্ট। ২০০৬ মৌসুমে লিগ শেষে দুই দলের পয়েন্ট ‘টাই’ হয়ে যাওয়ার উত্তেজনার সঙ্গে তুলনীয় আর কোনটা। সর্বশেষ মৌসুমগুলোতে একটি-দুটি ম্যাচের জন্যই শিরোপার গতিপথ নির্ধারিত হয়ে যাওয়ার ব্যাপারটিও রাখতে হবে মাথায়। রিয়াল-বার্সার জন্য প্রতিটা ম্যাচই তাই একরকম ফাইনাল। প্রতিপক্ষ যে দলই হোক, প্রতি ম্যাচে রিয়ালের অদৃশ্য প্রতিপক্ষ হয়ে মাঠে নামে বার্সা; বার্সার বেলাতেও ঘটে একই ব্যাপার। এ ছাড়া, কয়েক বছর ধরে বিশ্ব ফুটবল শাসন করা স্পেনেই যে এখন সবচেয়ে সুন্দর ফুটবলের পসরা বসে, এ নিয়েও বিতর্ক হতে পারে সামান্যই।