স্প্যানিশ লিগে থাকবে তো বার্সা?

কেমন হবে যদি বার্সেলোনাই না থাকে স্প্যানিশ লিগে? কেমন হবে যদি আর দেখা না যায় রিয়াল-বার্সার ধ্রুপদী লড়াই? কল্পনা করতেও কেমন জানি লাগে। অনেকে হয়তো উড়িয়েই দিতে চাইবেন এমন দৃশ্যকল্পের সম্ভাবনা কিংবা আশঙ্কা। বিশ্বাস করতেই হয়তো অস্বীকৃতি জানাবেন। যেমনটা করেছেন খোদ স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। কিন্তু মানুন আর না-ই মানুন, এমন আশঙ্কা কিন্তু সত্যিই তৈরি হয়েছে ফুটবল বিশ্বের জন্য।
বর্তমানে স্পেনের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে গণ্য হলেও দীর্ঘদিন ধরেই স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে কাতালোনিয়ার মানুষ। গত সেপ্টেম্বরে ৪০০ কিলোমিটার দীর্ঘ একটা মানববন্ধন গড়েও এই দাবির কথা জানান দিয়েছে কাতালানরা। ‘কাতালোনিয়া স্পেন নয়’, ‘আমরা স্বাধীন হতে চাই’ ইত্যাদি ব্যানার লিখে লাখ লাখ মানুষ অংশ নিয়েছিল এই মানববন্ধনে। ব্যাপক গণদাবির মুখে আগামী বছরের নভেম্বরে গণভোট আয়োজনের কথা চিন্তা করছে কাতালোনিয়ার আঞ্চলিক সরকার।
এই ভোট সত্যিই অনুষ্ঠিত হলে যে স্বাধীন রাষ্ট্রের পক্ষেই বেশি ভোট পড়বে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। এ বছরের একটি জরিপ থেকে দেখা গেছে, কাতালোনিয়ার ৭৫ লাখ মানুষের মধ্যে ৮১ শতাংশই চায় স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি। স্পেনের কেন্দ্রীয় সরকার অবশ্য দেশের সবচেয়ে ধনী ও অন্যতম শিল্পায়িত অঞ্চলটিকে কোনোভাবেই স্বাধীনতা দিতে রাজি নয়। নভেম্বরের গণভোট রুখে দেওয়ার ঘোষণাও ইতিমধ্যে দিয়েই ফেলেছেন মাদ্রিদের নীতিনির্ধারকেরা।
কিন্তু শেষ পর্যন্ত যদি কাতালোনিয়ার স্বাধীনতাকামী সাধারণ মানুষেরই জয় হয়, তাহলে বড় একটা রদবদলই ঘটে যেতে পারে দেশটির ক্রীড়াঙ্গনে। বিশেষত ফুটবলে। কাতালোনিয়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেলে শুধু স্পেনেই না, পাল্টে যাবে পুরো ফুটবল বিশ্বেরই চালচিত্র। সেই সম্ভাব্য পরিস্থিতির কথা চিন্তা করে নানা রকম প্রশ্ন তুলছেন ফুটবলপ্রেমীরা। তাহলে তখন কি বার্সেলোনা আর স্প্যানিশ লিগে খেলবে না? আলাদাভাবে কাতালান লিগ আয়োজন করা হবে? কল্পনা করতেও কষ্ট হয়।
স্পেনের কোচ দেল বস্কের জন্য তো এমন পরিস্থিতি কল্পনা করা আরও কঠিন। কাতালোনিয়া আলাদা হয়ে গেলে তাকে জাতীয় দলের কথা ভাবতে হবে জাভি, পিকে, পুয়োল, বুসকেটস, ভালদেস, জরডি আলবাদের ছাড়াই। তেমনটা হলে ফুটবল বিশ্বে স্পেনের সর্বজয়ী আধিপত্য কতটা বজায় থাকবে সন্দেহ আছে। সেটা নিশ্চয়ই আরও ভালোমতোই টের পাচ্ছেন দেল বস্ক। তাই স্প্যানিশ কোচের সরাসরি স্বীকারোক্তি, ‘বার্সাকে ছাড়া স্প্যানিশ লিগ কল্পনা করাটা খুবই কঠিন। কাতালান খেলোয়াড়দের ছাড়া জাতীয় দল চিন্তা করাটাও একই রকম কঠিন।’
আগামী বিশ্বকাপের আগে অবশ্য এই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে না দেল বস্ককে। আর জাভি-পিকে-ভালদেসদের নিয়েই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের মিশন শুরু করতে পারবেন এই স্প্যানিশ কোচ। ব্রাজিল বিশ্বকাপের অন্যতম প্রধান ফেবারিট হিসেবেও বিবেচনা করা হচ্ছে স্পেনকে। কিন্তু অতি আশাবাদটা যে কখনো কখনো সর্বনাশও ডেকে আনে সে ব্যাপারেও সবাইকে সতর্ক করে দিয়েছেন দেল বস্ক, ‘আগে আমরা কোয়ার্টার ফাইনালের বেশি যেতে পারব, এমনটা কেউই ভাবত না। কিন্তু এখন সবাই আমাদের কাছে শিরোপাটাই আশা করে। আমাদের এই আশাবাদটাও হিসাব করা উচিত। শিরোপা জয় সহজ কাজ নয়। প্রতিপক্ষকে নিয়ে আমাদের মধ্যে শঙ্কা কাজ করা উচিত। বিশ্বকাপে যারা অংশ নিচ্ছে, সবাই ভালো দল।’ সূত্র: আইএএনএস।