স্প্যানিশ লিগে রিয়াল, বার্সার জয়
১৯৯৯ সালেই শেষবার। এরপর অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে আর হারেনি রিয়াল মাদ্রিদ। নতুন কোচ হোসে মরিনহোর অধীনেও সেই রেকর্ডটা ধরে রাখল ইউরোপের অন্যতম ‘জায়ান্ট’ এই ক্লাব। রিকার্ডো কারভালহো আর মেসুত ওজিলের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ২-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জয় পেয়েছে গতবারের শিরোপা জয়ী বার্সেলোনাও। চ্যাম্পিয়নস লিগে কোপেনহেগেনের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর লা লিগায় গেটাফেকে ৩-১ গোলে হারিয়েছে ক্যাটালানরা।খেলার ১৩ মিনিটের মাথায় এঙ্গেল ডি মারিয়ার পাস থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন কারভালহো। এক মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের গোলরক্ষক ডেভিড ডি জেয়া দুর্দান্তভাবে রুখে দেন হিগুয়েইনের সেই গোল-প্রচেষ্টা। ১৯ মিনিটে অবশ্য মেসুত ওজিলকে আর রুখতে পারেননি তিনি। রিয়ালকে ২-০ গোলে এগিয়ে দেন এই জার্মান ‘সেনসেশন’। পরে দুই দলই বেশ কিছু ভালো সুযোগ সৃষ্টি করলেও সেগুলোকে আর গোলে পরিণত করতে পারেনি। অন্যদিকে প্রথমার্ধের ২৩ আর ৩৪ মিনিটে দুই গোল করে বার্সেলোনার জয় অনেকখানিই নিশ্চিত করে ফেলেছিলেন মেসি আর ভিয়া। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে বার্সাকে আরও একটি গোল উপহার দেন স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গেটাফের পক্ষে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন মানু ডেল মোরাল।মৌসুমের শুরুটা খুব একটা ভালো না হলেও এখন ১০ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট কম নিয়ে বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে। —সকারনেট