স্প্যানিশ লিগের শীর্ষে লেভান্তে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগের শেষ নয়টি আসরের চারটি জিতেছে রিয়াল মাদ্রিদ। বাকি পাঁচটি গেছে বার্সেলোনার ঘরে। স্প্যানিশ লিগে শিরোপা লড়াইটা একতরফাভাবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মধ্যেই হয়— পরিসংখ্যানের দিকে তাকালেও অনেক ফুটবলপ্রেমীর এমন অভিযোগের সত্যটা টের পাওয়া যায়। এ দুই দলের দুর্দান্ত আধিপত্যে লা লিগা অনেক একঘেয়ে হয়ে পড়ে বলেও দাবি অনেকের। তবে এবার বোধহয় এ ধারাটা ভাঙতে যাচ্ছে ভ্যালেন্সিয়ার ছোট্ট ক্লাব লেভান্তে। গতকাল ভিলারিয়ালকে ৩-০ গোলে হারানোর পর রিয়াল-বার্সাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দীর্ঘদিন অবদমন রেখার নিচে থাকা এই স্প্যানিশ ক্লাবটি।গত শনিবার সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ড্র ও মালাগার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলের বড় জয়ের পর পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি দখল করেছিল মরিনহোর শিষ্যরা। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল কাতালানরা। কিন্তু এক দিন পরে তাদের স্থান আরও একধাপ নামিয়ে দিল লেভান্তে। প্রথমার্ধের ১৬ মিনিটেই লাভেন্তেকে প্রথম গোলটি এনে দিয়েছিলেন জানুলু। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে আরও একটা গোল করে জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন লাভেন্তের এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ভিলারিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন স্ট্রাইকার অরোউনা কোনে।গত ১০ বছরে মাত্র তিনবার স্প্যানিশ লিগে খেলার সুযোগ পেয়েছিল লেভান্তে। ২০০৭ সালের দিকে চরম আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে তারা। চুক্তি অনুযায়ী অর্থ না দেওয়ায় একটা সময় মাঠে নামতেও অস্বীকৃতিও জানিয়েছেন লেভান্তের ফুটবলাররা। এখন ভ্যালেন্সিয়ার ছোট এই ক্লাবটির বার্ষিক বাজেট মাত্র ২০ মিলিয়ন ইউরো। যেখানে জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রায় ৫০০ মিলিয়ন। কিন্তু গত মাসে এই ধনী রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েই ভালো সূচনার ইঙ্গিত দিয়েছিল লেভান্তে। আর এখন ভিলারিয়ালকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আরও বড় কিছু করার ইঙ্গিতও দিচ্ছে ১৯৬০ সালে প্রথম লা লিগায় খেলার সুযোগ পাওয়া এই ক্লাবটি। শেষপর্যন্ত তারা ইউরোপের অন্যতম জনপ্রিয় এই ফুটবল লিগে রিয়াল-বার্সার আধিপত্য খর্ব করতে পারবে কিনা, সেটাই দেখার বিষয়। রয়টার্স।