স্প্যানিশ সাম্রাজ্যের সূর্যাস্ত

কেউ দাঁড়িয়ে মাথা নিচু করে, তাকিয়ে মাটিতে। কেউ তাকিয়ে কোন সুদূরে, দুচোখে শুধুই শূন্যতা! শেষ বাঁশি শুনেই কেউ হনহন করে হাঁটা দিলেন ড্রেসিং রুমের পথে। আর তিনি, ইকার ক্যাসিয়াস.... ক্লান্ত, শ্রান্ত, দু পা যেন চলছে না, বইছেন বিষম ভার। অনেক কষ্টে যেন এগিয়ে যাচ্ছিলেন শরীরটাকে কোনো রকমে টানতে টানতে। গত ছয় বছরে তিন-তিনটি বড় টুর্নামেন্টে সতীর্থদের পাশে নিয়ে শেষ হাসি হেসেছেন তিনি। গর্বভরে উঁচিয়ে ধরেছেন ট্রফি। তাঁর নেতৃত্বেই ইউরোপ জয় করে বিশ্ব ফুটবলে সাম্রাজ্য বিস্তার করেছিল স্পেন। সেই তিনি পরশু রাজ্যহারা রাজা। ক্যাসিয়াসের অভিব্যক্তিই যেন স্প্যানিশ সাম্রাজ্য পতনের প্রতীকী!
গত কিছুদিনের ফিসফাস, গুঞ্জন, সংশয়, আশাবাদ, পক্ষে-বিপক্ষে যুক্তি—সবকিছুর অবসান। পরশু মিলল আনুষ্ঠানিক ঘোষণা। রিও ডি জেনিরোতে সূর্য ডোবার ঘণ্টা খানেক পর সূর্যাস্ত হলো বিশ্ব ফুটবলে স্প্যানিশ সাম্রাজ্যের। ম্যাচ শেষে যখন উৎসব করছেন চিলির সমর্থক আর ফুটবলাররা, মারাকানার ঝলমলে কৃত্রিম আলোতেও যেন অন্ধকার নেমে এসেছে স্পেনের ফুটবলে!
সাম্রাজ্য পতনের ইঙ্গিত ছিল। তবে এত দ্রুত, এত সহজে আর এমন অসহায় আত্মসমর্পণ ভাবেনি কেউই। তাৎক্ষণিক কারণ অনুসন্ধানেও তাই নানা মত। ব্যর্থতার পেছনে স্পেনের ফুটবলাররাও একেকজন দেখছেন ভিন্ন কারণ আর নানা দায়। এক যুগেরও বেশি স্পেনের গোলবারে আস্থার প্রতিমূর্তি হয়ে ছিলেন ক্যাসিয়াস। কিন্তু দেশের হয়ে রেকর্ড ১৫৬ ম্যাচের সবচেয়ে বাজে দুটি ম্যাচ খেললেন সম্ভবত এই বিশ্বকাপে। কেন এমন হলো, সেটি তাঁর কাছেও রহস্য, ‘কীভাবে এমন হলো, ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। আমি সমর্থকদের কাছে ক্ষমা চাই।’
দল হিসেবে একটা ঘাটতির জায়গা চোখে পড়েছে স্পেন অধিনায়কের, ‘আমি ভালো করতে পারিনি, ভালো করতে পারেনি দলও। যথেষ্ট দায়িত্ববোধ ছিল না আমাদের। দ্বিতীয় রাউন্ড আমাদের প্রাপ্য ছিল না। দুই ম্যাচেই প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলে জিতেছে।’
ক্যাসিয়াসের ক্লাব সতীর্থ জাবি আলোনসো আবার দলে যথেষ্ট ক্ষুধা দেখতে পাননি, ‘সাফল্যের ধারাবাহিকতা দীর্ঘ করার ক্ষুধা আমাদের ছিল না। টুর্নামেন্ট জয়ের বিশ্বাসটা অর্জন করতে পারিনি। আমরা প্রত্যুৎপন্নমতিত্ব দেখাতে পারিনি, অথচ অতীতে এটাই আমাদের অনেক কঠিন ম্যাচ পার করিয়েছে। এই টুর্নামেন্টের সঙ্গে আমরা মিশে যেতে পারিনি।’
বার্সেলোনার ব্যর্থতা দেখার পরও টিকি-টাকাতেই আস্থা রাখা, সেরাটা পেছনে ফেলে আসা ক্যাসিয়াস-জাভিকে খেলিয়ে যাওয়াসহ বেশি কিছু কারণেই স্পেনের ব্যর্থতার বড় দায় বর্তাচ্ছে ভিসেন্তে দেল বস্কের ওপর। ম্যাচ শেষে স্পেন কোচ অবশ্য নিজের পক্ষে যুক্তি দাঁড় করাননি, দেননি কোনো অজুহাত, ‘আমাদের সবার জন্য আজ বড় দুঃখের দিন। তবে আমি কোনো অজুহাত দেব না। আজ (পরশু) শুরু থেকেই আমরা ছিলাম মন্থর, স্তিমিত। হল্যান্ড-চিলি দুদলই আমাদের চেয়ে শ্রেয়তর ছিল। দুঃখিত, আমরা পারিনি।’
এই দেল বস্কের কোচিংয়েই গত বিশ্বকাপ আর ইউরো জিতেছে স্পেন। দেল বস্ক দায়িত্বে আসার আগেই এই দল জিতে রেখেছিল ইউরো। ব্যর্থতার দিনে সেই গৌরবময় অর্জনগুলো মনে করিয়ে দিলেন সার্জিও রামোস, ‘এমন সব অর্জন আছে এই দলের, আর কেউ যা পারেনি। এই ব্যর্থতার সেসব ভুলে যাওয়া উচিত নয়। তবে ওই সাফল্যগুলো দিয়ে অবশ্যই এবারের ব্যর্থতা আড়াল করা যাবে না। আমরা জিততেই এসেছিলাম। ভিসেন্তে থেকে শুরু করে সবাই নিজেদের সেরাটা দিতে চেয়েছি। কিন্তু আমরা পারিনি।’
রামোসরা পারেননি, বাস্তবতা এখন এটাই। রাজ্য হারানোর রূঢ় বাস্তবতা মেনে নিতে শুরু করেছেন স্পেনের ফুটবলাররা। তাই তো আলোনসোর দীর্ঘশ্বাস, ‘সাধারণত পরাজয়ের মধ্য দিয়েই একটা চক্র পূরণ হয়। আমাদের দীর্ঘ আনন্দময় সাফল্যযাত্রাও শেষ!’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।