স্ব-মহিমায় ফেরার প্রত্যয় ফার্গুসনের
ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। দৌড়ে ফিনিশিংয়ের একেবারে কাছে থাকা ম্যানচেস্টার সিটি পা হড়কালেই আরেকটি ইংলিশ প্রিমিয়ারশিপের নাগাল পাবে তাঁরা। কিন্তু শেষ ম্যাচে ম্যানেচস্টার সিটি কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামায় সেই স্বপ্নটিকে অনেকটাই দূরের মনে হচ্ছে রেড ডেভিলদের। সেই সঙ্গে সান্ডারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়াটাও সেই স্বপ্ন পূরণের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হয়ে দেখা দিয়েছে। পুরো সমীকরণটি যে সহজ কোনো বিষয় নয়, সেটা মানেন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন নিজেও।শিরোপা পাওয়া না পাওয়া নিয়ে ফার্গুসন এখন আর ভাবছেন না। এই মুহূর্তে প্রিমিয়ার লিগের শিরোপা ও দ্বিতীয়স্থানের চেয়েও পরের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ব-মহিমায় ফেরাটাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। ম্যানচেস্টার সিটি এই মৌসুমের শিরোপা জিতলেই যে ইউনাইটেডের দিন শেষ বলে ধরে নিতে হবে-একথাটাই মেনে নিতে যতো অনীহা ফার্গুসনের।অতীতে আর্সেনাল, লিভারপুল ও চেলসির মতো শক্তিগুলোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড যে শক্তি নিয়ে লড়েছে, যে চ্যালেঞ্জ তাদের মোকাবিলা করতে হয়েছে নতুন শক্তি ম্যানচেস্টার সিটির বিপক্ষেও যে সেই একই চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা জানেন ফার্গুসন। তাইতো তিনি বলেছেন,. ‘আমাদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করা ছাড়া আপাতত অন্য কোনো পথ খোলা নেই।’ তিনি আরও বলেছেন, ‘আবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই মৌসুমে আমরা প্রিমিয়ার লিগের শিরোপা হারাতে যাচ্ছি। কিন্তু এর মানে তো এই নয় যে সব শেষ হয়ে যাচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডের শ্রেষ্ঠত্বের সময় পেরিয়ে গেছে। আমরা পরের মৌসুমে আবারো স্ব-মহিমায় ফিরবো!’‘সবকিছু শেষ হয়ে গেছে, এমনটা ভাবতে চাই না আমরা। এই মৌসুমে কয়েকজন দারুণ খেলোয়াড়ের দেখা পেয়েছি আমি। এদের হাত ধরেই ম্যানচেস্টার ইউনাইটেড ভবিষ্যতে ভালো করবে। তবে চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে।’ বলেছেন ফার্গুসন।ম্যানচেস্টার সিটি ইংলিশ ফুটবলের নতুন পরাশক্তি হিসেবে নিজেদের ইতিমধ্যেই প্রতিষ্ঠা করে ফেলেছে। এই মৌসুমে তাদের অসাধারণ পারফরম্যান্সের ফল হয়তো তাঁরা পেয়ে যাবে প্রিমিয়ার লিগের শিরোপাটা ঘরে তুলে। সে লক্ষ্যে পরিষ্কার ফেবারিট তারাই। সিটির অর্থনৈতিক সক্ষমতা তাদের নতুন শক্তি হয়ে ওঠার বিষয়টির পক্ষেই সমর্থন যোগাচ্ছে। অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার কারণে আগামীতে তারকা ফুটবলারদের অনেকেই যে ম্যানচেস্টার শহরের অপর অংশের প্রতি আকৃষ্ট হবে না, সেটা আর বলে দিতে হয়না। তবে ব্যাপারটি নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না ফার্গুসন। তিনি বলেন, ১৯৯২-৯৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাটা প্রথমবারের মতো জেতার পর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড অনেক প্রবল প্রতিদ্বন্দ্বীকেই মোকাবিলা করেছে। ম্যানচেস্টার সিটি হয়তো প্রবল প্রতিদ্বন্দ্বীর তালিকায় নতুন একটা নামই।২০০২ সালে আর্সেনাল শিরোপা জেতার পর তাঁদের সে সময়ের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ডেইন বলেছিলেন, আর্সেনালের এই শিরোপা ইংলিশ ফুটবলের শক্তিমত্তার পতাকা ম্যানচেস্টার ইউনাইটেডের হাত থেকে ‘গানার্স’দের হাতে চলে এলো। স্যার অ্যালেক্স ফার্গুসন ডেভিড ডেইনের সেই উক্তি অবতারণা করে বলেন, ‘কই ডেভিড ডেইনের কথানুযায়ী তো কিছুই হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেড শক্তির বলয় থেকে তো কখনোই ছিটকে পড়েনি।’ তিনি বলেন, সিটি এই মৌসুমে শিরোপা জিতলেও ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থার কোনো পরিবর্তন হবে না।সবকিছু ছাপিয়ে ফার্গুসন এখন তাকিয়ে আছেন সিটি বনাম কুইন্স পার্ক রেঞ্জার্সের ম্যাচটির দিকে। তাতে ‘নয়-ছয়’ কিছু ঘটে গেলেও যেতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের কায়মনো প্রার্থনা অমনই একটা নয়-ছয়। কুইন্স পার্ক রেঞ্জার্সকে সর্বান্তকরণে সমর্থন করে যাবেন ম্যান ইউ সমর্থকেরা। কুইন্স পার্ক রেঞ্জার্সও আছে চাপে। রেলিগেশন এড়ানোর চাপে। একটি পয়েন্ট যে বড্ড দরকার তাদের! আর কুইন্স সেই একটি পয়েন্ট পেলেই যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যায়!ভাগ্য কি ম্যানচেস্টার ইউনাইটেডের সহায় হবে!