স্বপ্ন আর বাস্তবের মাঝে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ আগস্ট ওয়েম্বলির ফাইনাল শেষে এক এক করে সোনার পদক গলায় তুলে নিচ্ছেন নেইমার, গানসো, দামিয়াওরা—কল্পনার চোখে ব্রাজিলিয়ানরা আজন্ম স্বপ্নপূরণের এই দৃশ্যটা এখন দেখতেই পারেন! সোনা থেকে মাত্রই এক ধাপ দূরে দাঁড়িয়ে মানো মেনেজেসের দল। পরশু দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে ব্রাজিলের ছেলেরা। মানে সোনার হাহাকার ঘোচানোর পথে ব্রাজিলিয়ানদের আর একটাই বাধা। আগামী শনিবার ওয়েম্বলির ফাইনালে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। পরশু প্রথম সেমিফাইনালে মেক্সিকো প্রথমে পিছিয়ে পড়েও এশিয়ার আরেক প্রতিনিধি জাপানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো উঠেছে অলিম্পিক ফাইনালে।ওল্ড ট্রাফোর্ডে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে ৩৮ মিনিটে ব্রাজিলকে প্রথম এগিয়ে দেন রোমুলো। ৫৭ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে ব্রাজিলের ফাইনাল নিশ্চিত করেন লিয়ান্দ্রো দামিয়াও। এই দুই গোল নিয়ে টুর্নামেন্টে তাঁর গোল হয়ে গেল সর্বোচ্চ ৬টি। ওয়েম্বলিতে প্রথমে এগিয়ে যায় জাপানই। মনে হচ্ছিল মেয়েদের পথ অনুসরণ করে জাপানের ছেলেরাও বুঝি প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছে অলিম্পিকের ফাইনালে। কিন্তু জাপানিদের সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে ইতিহাস লিখেছে মেক্সিকোই। ৩১ মিনিটে ফাবিয়ানের গোলে সমতা, ৬৫ মিনিটে পেরাল্টার গোলে এগিয়ে যাওয়া এবং কর্টেসের যোগ করা সময়ের গোলে জয় নিশ্চিত হয় মেক্সিকোর ফাইনাল।কখনো অলিম্পিক সোনা জেতা হয়নি। এবার তাই সোনার তৃষ্ণা নিয়েই ব্রিটেনে পা রাখা মেনেজেসের দলের। নেইমার-গানসোরা নিজেদের সামর্থ্যের ছাপ রেখে যাচ্ছেন মাঠেও। ফাইনালের পথে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়। প্রতি ম্যাচেই আবার গোল করেছে সমান তিনটি করে, পাঁচ ম্যাচে ১৫ গোল!পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ফাইনাল নিয়েও আশাবাদী করে তুলছে মেনেজেসকে। কিন্তু ব্রাজিল কোচের একটা ভয়ও আছে। এর আগে দুবার ফাইনালে উঠেও সোনার পদকটা গলায় তোলা হয়নি। ১৯৮৪ ও ১৯৮৮ অলিম্পিকের দুটি ফাইনালের স্মৃতি ব্রাজিলকে সাবধানী হতে শিখিয়েছে। এবারও কি সেই রুপাভাগ্যই অপেক্ষা করছে ব্রাজিলের জন্য?ভাগ্যদেবী কী লিখে রেখেছেন কে জানে! তবে নিজেদের ভাগ্যটা এবার নিজেরাই লিখতে চান মেনেজেসের সেনারা। ম্যাচ শেষে জোড়া গোলের নায়ক দামিয়াও যেমন বলছেন, ‘আমি খুবই খুশি। ফাইনালে পৌঁছাতে আমাদের প্রচেষ্টা ছিল দুর্দান্ত। আমরা এখানে সোনা জিততে এসেছি। এটা ছিল কঠিন ম্যাচ। তবে আমরা গ্রেট দল।’