স্বপ্ন এঁকে কাঠমান্ডু-যাত্রা

বাফুফে ভবনের নিচে গ্রুপ ছবি তোলার জন্য বারবার ডাকা হচ্ছিল জামাল ভূঁইয়াকে। কিন্তু তাঁর তৈরি হতে সময় লাগছিল। ছয়-সাত মিনিট সবাই দাঁড়িয়ে থাকার পর ভবনের চতুর্থ তলা থেকে হন্তদন্ত হয়ে নিচে নামলেন ডেনমার্কপ্রবাসী ফুটবলার। লাল-সবুজের হয়ে অভিষেক ঘটতে যাচ্ছে সাফ ফুটবল দিয়ে। উত্তেজনা আর সবার চেয়ে একটু যেন বেশিই ছিল তাঁর।
গলায় টাই বাঁধতে বাঁধতে জামাল ভূঁইয়া একটা কথাই বলতে পারলেন, ‘বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন অনেক দিনের। আশা করছি, সাফে স্বপ্নপূরণ হবে আমার।’
এটা কাল সকাল ৭টার দৃশ্য। সাড়ে ৭টায় কাঠমান্ডুর উদ্দেশে বিমানবন্দরে যাওয়ার আগে বাফুফে ভবনে কমবেশি সব ফুটবলারকেই উদ্দীপ্ত লাগল। ২০০৩ সালে ঢাকায় তৃতীয় সাফ শিরোপা জেতার পর দক্ষিণ এশিয়ার ফুটবল-শ্রেষ্ঠত্বের মালা আবার গলায় তোলার আকাঙ্ক্ষা সবার মধ্যে।
১৯৯৯ কাঠমান্ডু সাফ গেমস প্রথম দক্ষিণ এশীয় শ্রেষ্ঠত্বের স্মারক হাতে তোলার অন্যতম নায়ক বিপ্লব যেমন বলছিলেন, ‘কাঠমান্ডু আমাদের জন্য সৌভাগ্যের মাঠ। আশা করি, আমরা বিমুখ হব না।’ অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালি ফয়সালের কণ্ঠে দৃঢ় প্রত্যয়, ‘এবার আমরা সবাই শেষবিন্দু দিয়ে চেষ্টা করে সাফ নিয়েই ঘরে ফিরতে চাই।’
একপাশে চুপচাপ দাঁড়িয়ে উইঙ্গার জাহিদ হোসেন। ‘খেয়ালি ফুটবলার’, ‘প্রতিভার পুরো ব্যবহার করতে পারেননি’ এই কথাগুলো তাঁর নামের সঙ্গে বেশ যায়। সেই জাহিদ ‘মনপ্রাণ ঢেলে খেলব’ বলার পর যোগ করলেন, ‘এই দেখুন, সোহেল রানা শেষ মুহূর্তে চোট পেয়েছে। চোট আমাদের বড় শত্রু এবার।’
চোটের তালিকায় সবচেয়ে বড় নাম খোদ অধিনায়ক মামুনুল ইসলাম। আর সবার সঙ্গে হাসিখুশি থাকলেও নিজে জানেন ‘বাংলাদেশের বিশ্বকাপে’ তাঁর খেলার সম্ভাবনা ৫০-৫০। তাই শুধু বলতে পারলেন, ‘ম্যাচ ফিটনেস কতটা আসবে জানি না। তবে আমি চাইব কাঠমান্ডু পৌঁছেই অনুশীলন শুরু করতে।’
সোয়া ঘণ্টার বিমানযাত্রায় কাঠমান্ডু পৌঁছানো বাংলাদেশ দল আজ থেকে সেখানে অনুশীলনে নামবে। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজারের পাঠানো খবর, পরশু কাঠমান্ডু পৌঁছেছে বাংলাদেশের গ্রুপসঙ্গী পাকিস্তান। আরেক সঙ্গী ভারত যাবে আগামীকাল।
৩১ আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এবারের সাফ অভিযান। আর এই ম্যাচটাকেই ‘ফাইনাল’ দেখছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘শুরুতে নেপাল ম্যাচটাই আমাদের জন্য ডু অর ডাই।’
সত্যিই তাই। নেপাল ম্যাচই অনেকটা ঠিক করে দেবে বাংলাদেশের ভাগ্য। সেটি মাথার রেখে এই প্রথম জাতীয় দলে ঢোকা মোবারকের কণ্ঠে প্রতিজ্ঞা, ‘নেপালকে যে করেই হোক হারাতে হবে।’