স্বপ্ন এঁকে লাহোর যাত্রা
কেউ খেলার আনন্দে হাসছেন। কেউ হাসছেন না খেলেও। হাসিটাকে নিজেদের মধ্যে ছড়িয়ে দিয়ে গোটা বাংলাদেশ দলই স্বপ্ন আঁকছে বুকে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন নিয়ে কাল রাতে লাহোরে গেল ।বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বের প্রথম লেগটা সহজেই পেরিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পরশু পাকিস্তানের বিপক্ষে ৩-০ স্কোর লাইনটা ঠিক বোঝাতে পারছে না বাংলাদেশের দাপট।খেলোয়াড়দের চলাফেরা, কথা বলা—সবকিছুই বদলে দিয়েছে এই ম্যাজিক সংখ্যাটা! নতুন অধিনায়ক বিপ্লব কাল হোটেল লবিতে বসে বলছিলেন, ‘প্রতিপক্ষ দলটা পাকিস্তান বলেই আমরা বেশি উজ্জীবিত ছিলাম। এটাই বড় প্রেরণা ছিল।’মিডফিল্ডার মামুনুল প্রথম গোলটাকেই দেখছেন জয়ের পূর্বাভাস হিসেবে, ‘এমিলি প্রথম মিনিটে গোল করার পরই আমরা মাঠে নিজেদের মধ্যে বলাবলি করছিলাম, সবাই জানপ্রাণ দিয়ে খেল। আজ পাকিস্তানকে দাঁড়াতেই দেব না। তখন এমিলি বলল, আজ ভালো সুযোগ আছে। অ্যাটাক থামানো যাবে না।’পাকিস্তানের খেলোয়াড়েরা বারবার রেফারির দৃষ্টি আকর্ষণ করেছেন খেলা বন্ধ করার জন্য। এমিলি এর মধ্যে দেখছিলেন অশুভ এক সংকেত, ‘ওরা তো খেলতেই চাইছিল না। ডিফেন্ডার জেশ রহমান আমাকে ২-০ হওয়ার পর বলল, “কী ব্যাপার, তোমরা কিছু বলো না কেন রেফারিকে। এভাবে তো খেলা যাবে না।” আমি তাকে বললাম, ব্রাদার, আমরা তো খেলছি, তোমরাও খেলো (হা হা হা...)।’রেফারি তখন কী বলেছেন, জানাচ্ছেন এমিলিরই সহোদর শাকিল, ‘ওরা রেফারিকে বারবার খেলা বন্ধ করতে বললে রেফারি ওদের ধমক দিয়ে বলেছে, বাংলাদেশ তো খেলছে। তোমরাও খেলো। প্লে...প্লে...বলে রেফারি খেলা চালিয়ে গেছেন।’মাঠের বাইরে দলের খেলা দেখতে কেমন লেগেছে? স্ট্রাইকার ইউসুফের কথা, ‘মনে হচ্ছিল, আমরা সবাই খেলছি। বৃষ্টির কারণে একসময় আতঙ্কিত ছিলাম আমরা—ম্যাচটা না বন্ধ হয়ে যায়। যা-ই হোক, সবাই জানপ্রাণ দিয়ে খেলায় অনেক দিন পর ফুটবলের জন্য ভালো ফল পেয়েছি। জয়ের পর থেকেই সবাই খুব উজ্জীবিত।’বদলি হিসেবে নামা ফরোয়ার্ড কোমল শুরুতেই টেনে আনলেন বৃষ্টির প্রসঙ্গ। হাসতে হাসতে বললেন, ‘আমরা তো কাদা-পানির মাঠে ভালো খেলি। কন্ডিশন আমাদের অনুকূলে ছিল। তার ওপর প্রতিপক্ষ দলটার নাম পাকিস্তান। আমাদের কাছে আর সব দল যেমন তেমন, পাকিস্তান সামনে পড়লে রক্ত গরম হয়ে যায়।’বাংলাদেশ লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বদলি ফরোয়ার্ড মিঠুন চৌধুরী সামনে আনলেন অন্য একটা দিক, ‘পাকিস্তানিরা স্কিলে আমাদের চেয়ে পিছিয়ে। তবে শারীরিক সক্ষমতা আমাদের চেয়ে বেশি। কিন্তু এদিন আমাদের কাছে ওরা আসলে কোনো দিক দিয়েই পাত্তা পায়নি। আমরা সব বিভাগেই ওদের হারিয়েছি।’এরই মধ্যে খেলোয়াড়েরা হাসি-ঠাট্টাও করলেন। ডিফেন্ডার আরিফ মজা করে বলছিলেন, ‘ম্যাচের আগে পাকিস্তানের খেলোয়াড়েরা টুকটাক কথা বলেছে আমাদের সঙ্গে। কিন্তু রাতে এসে ওরা চুপচাপ। সকালে উঠে তো চলেই গেছে। রাতে একনজর দেখেই বুঝেছি, ওরা অপমানিত বোধ করছে।’ এমিলির একটা কথা কানে এল, ‘জেশ আমাকে বলেছে, তোমরা এত ভালো খেলো। বিদেশি লিগে খেলার চেষ্টা করো না কেন?’বৃষ্টির কারণে হোটেল লনে হালকা স্ট্রেচিং ছাড়া কাল আর কিছু করতে পারেনি লাহোরগামী বাংলাদেশ দল। তার আগেই ঠিক হয় ২০ জনের দল। ২৩ জনের দল থেকে মিডফিল্ডার মারুফ ছুটি নিয়েছেন। শেখ রাসেলের ডিফেন্ডার উত্তম ও ফরাশগঞ্জের স্ট্রাইকার সোহেল রানা বাদ।কে বাদ কে আছে, সে প্রসঙ্গ বাদ দিয়ে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় ভাবছেন অন্য কথা। হোটেলে এসে জানালেন, ‘লেবানন যেতে হলে সুপার কাপ কীভাবে করব? মনে হয়, সুপার কাপ আয়োজন সম্ভব হবে না।’ লাহোর থেকে তাহলে লেবাননের টিকিটই আনছে বাংলাদেশ দল?